“আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে পুলিশ!” নানুর এনকাউন্টার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন এসপি

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চর্চা তুঙ্গে। গত ছ’মাসে রাজ্যজুড়ে পরপর পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর এবার খাস বীরভূমের নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হলো এক কুখ্যাত দুষ্কৃতীর। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের এনকাউন্টার ঘিরে এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ঠিক কী পরিস্থিতিতে এই মর্মান্তিক পরিণতি ঘটল, তা নিয়ে সোমবার এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন বীরভূমের পুলিশ সুপার (এসপি) ভিদিত রাজ ভুন্দেশ।

পুলিশের জালে কীভাবে এল রতন শেখ? পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর বোলপুর মহকুমা আদালত থেকে ছাড়া পেয়েছিল মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। ওই দিনই বিকেলে বোলপুরের লায়েকবাজারে গোপন সূত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ, সেই সময় ৩৬টি মামলায় অভিযুক্ত রতন শেখ পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসের ওপরে সরাসরি গুলি চালায়। কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে সেই মুহূর্তে পালিয়ে যেতে সক্ষম হয় রতন ও তার এক সঙ্গী। এরপরই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু করে। অবশেষে গোপন খবরের ভিত্তিতে বর্ধমান থেকে রতনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার নানুরে ঠিক কী ঘটেছিল? পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ জানান, গ্রেফতারির পর রতন জেরায় জানায় ১৩ তারিখের ঘটনার পর সে কোথায় কোথায় লুকিয়েছিল এবং তার কাছে থাকা অস্ত্রগুলি কোথায় লুকিয়ে রাখা আছে। অস্ত্র উদ্ধারের জন্য রবিবার পুলিশকে সঙ্গে নিয়ে নানুরের উচকরন পঞ্চায়েত এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় যায় রতন।

এসপির বয়ান অনুযায়ী, ঘটনাস্থলে অস্ত্র খোঁজার ভান করে হঠাৎই বসে পড়ে রতন। এরপর জামার নিচ থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে সরাসরি পুলিশের টিমের দিকে লক্ষ্য করে গুলি চালায় সে। যদিও সেই গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এরপর জীবন বাঁচাতে এবং সম্পূর্ণ আত্মরক্ষার্থেই পুলিশও পাল্টা গুলি চালায়। ফের রতন গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়েই ফের পদক্ষেপ করে। গুরুতর জহম অবস্থায় রতনকে দ্রুত নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া ও মানবাধিকার কমিশনের নির্দেশ পুরো ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। তিনি স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মানবাধিকার কমিশনের নিয়ম মেনে এই এনকাউন্টারের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হবে। ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্তের সম্পূর্ণ ভিডিয়োগ্রাফি করা হবে বলেও নিশ্চিত করেছেন এসপি ভিদিত রাজ ভুন্দেশ।