৫ দিনের ডেডলাইন! ভোটার কার্ডের নথি যাচাই নিয়ে রণমূর্তি ধরল নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনে (SIR) স্বচ্ছতা ফেরাতে এবার সময়সীমা বেঁধে দিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের থেকে সংগৃহীত নথি অ্যাপে আপলোড করার ঠিক ৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট দফতরকে তা যাচাই করে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। এই প্রক্রিয়ায় এতটুকু শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকদের কড়া নির্দেশ পাঠিয়েছে কমিশন।
তবে কমিশনের এই সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে প্রশ্ন তুলেছেন এই নথি যাচাইয়ের পদ্ধতি নিয়ে। কয়েকদিন আগেই তৃণমূলের একটি প্রতিনিধি দল সিইও (CEO) দফতরে গিয়ে ৫ দফা দাবি জানিয়ে এসেছিল। রাজনৈতিক মহলের মতে, মূলত নাম বা বয়সের অসংগতি খুঁজে বের করতেই এই নতুন সংশোধন ও যাচাইয়ের নির্দেশ। কমিশনের নির্দেশ অনুযায়ী, যদি কোনও ভোটারের নথি অন্য জেলার হয়, তবে সেই জেলার জেলাশাসক তা যাচাই করবেন। এমনকি নথি অন্য রাজ্যের হলে, সেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে ভেরিফিকেশন হবে। সবটাই শেষ করতে হবে মাত্র ৫ দিনে। এখন দেখার, তৃণমূলের বিরোধিতার মুখে দাঁড়িয়ে কমিশন কতটা স্বচ্ছভাবে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করে।