৫,৪০০ কোটির প্রকল্পের উদ্বোধন, জেনেনিন দুর্গাপুরে কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর?

ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল, শুক্রবার, দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে এক বিশাল জনসভা করবেন তিনি। এই সফর শুধু রাজনৈতিক সমাবেশেই সীমাবদ্ধ থাকছে না, বরং রাজ্যজুড়ে বিদ্যুৎ, রেল, সড়ক ও প্রাকৃতিক গ্যাস খাতে প্রায় ৫,৪০০ কোটি টাকার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, যা পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী। এর মধ্যে অন্যতম হলো দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে হলদিয়া এবং জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের উদ্বোধন। এই প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করবে, যা এই অঞ্চলের শিল্প ও গৃহস্থালীর গ্যাসের চাহিদা পূরণে সহায়ক হবে।
এছাড়াও, দুর্গাপুরে দুটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ এবং দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি পুনরায় চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। যদিও বিজেপি রাজ্য সভাপতি আশ্বস্ত করেছেন যে, দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খুব শীঘ্রই চালু করা হবে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করতে পারে।
প্রধানমন্ত্রীর সভার জন্য নেহরু স্টেডিয়ামে দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, এবং অন্য মঞ্চটি জনসভার জন্য ব্যবহৃত হবে। বর্তমানে নেহরু স্টেডিয়ামে সভার প্রস্তুতি জোর কদমে চলছে। স্টেডিয়াম এবং আশেপাশের এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে নেমে সড়ক পথে দুর্গাপুরে আসবেন। দুর্গাপুরের প্রবেশদ্বার গান্ধীমোড় থেকে নেহরু স্টেডিয়াম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই রোড শো-কে সফল করতে বিজেপি নেতৃত্ব ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। রাস্তার ডিভাইডারগুলিতে প্রধানমন্ত্রীর কাটআউট এবং বিজেপির পতাকা লাগানো হয়েছে। বিশেষ করে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ধারে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, যাতে রোড শো নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। নেহরু স্টেডিয়ামেই একাধারে সরকারি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক সভাতেও বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর এই সফর পশ্চিমবঙ্গের আসন্ন রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।