৪ ডিসেম্বর লখনউতে বসছে তারার হাট! ছাদনাতলায় যাচ্ছেন তারকা ক্রিকেটার রিঙ্কু ও সাংসদ প্রিয়া

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির (এসপি) তরুণ সাংসদ প্রিয়া সরোজ আগামী ৪ঠা ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। লখনউয়ের রামাদা হোটেলে এই হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে বিয়ের প্রস্তুতি। খেলাধুলা এবং রাজনৈতিক—উভয় মহলেই এই জুটিকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
রিঙ্কু সিং উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা এবং সীমিত ওভারের ক্রিকেটে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, প্রিয়া সরোজ উত্তর প্রদেশের রাজনীতিতে অন্যতম পরিচিত ও তরুণ মুখ। ভিন্ন দুটি জগতের এই দুই তারকা ব্যক্তিত্বের পথ চলা এবার এক সুতোয় বাঁধতে চলেছে।
কীভাবে শুরু হয়েছিল এই প্রেমকাহিনি?
ক্রিকেট ময়দান কিংবা কোনো রাজনৈতিক মঞ্চে নয়, এই জুটির প্রেমের গল্প শুরু হয়েছিল স্যোশাল মিডিয়ায়। প্রিয়া সরোজ নিজেই জানিয়েছেন তাদের সম্পর্কের শুরুর কথা। প্রিয়ার বোন রান্নার একটি পেজ প্রচারের জন্য রিঙ্কু সিংয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। প্রথম দিকে প্রিয়া কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলতে স্বচ্ছন্দ না থাকায় তাঁর ভাই যোগাযোগ চালিয়ে যান। দীর্ঘ এক সপ্তাহ ভাইয়ের মাধ্যমে কথা চলার পর অবশেষে শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প।
কেন বেছে নেওয়া হলো লখনউ শহরকে?
লখনউ শহরের সঙ্গে এই জুটির বিশেষ যোগ রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ই জুন এই শহরেই তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যেখানে ক্রিকেট ও রাজনীতির বহু চেনা মুখ উপস্থিত ছিলেন। প্রিয়ার গ্রামের বাড়িতে বিয়ের ইচ্ছা থাকলেও দুই পরিবারের পরিচিতি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে লখনউকেই চূড়ান্ত করা হয়।
বিশেষ করে, প্রিয়া সরোজ উত্তর প্রদেশের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এবং ২০২৭ সালের বিধানসভা নির্বাচনও আসন্ন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দামামা বাজার আগেই বিয়ের কাজ সেরে ফেলতে চান এই দম্পতি। সব মিলিয়ে ক্রিকেট ও রাজনীতির এই হাইপ্রোফাইল বিয়ে এখন খবরের শিরোনামে।