ভুল করেও মুখে মাখছেন না তো? পাকিস্তানের এই দুটি বিউটি ক্রিম ভারতে নিষিদ্ধ ঘোষণা করল সিডিএসসিও!

ভারতের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানি প্রসাধনী পণ্য নিয়ে বড় ধরনের জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর কসমেটিকস বিভাগ ‘মেড ইন পাকিস্তান’ প্রসাধনী পণ্যগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ করে পাকিস্তানের জনপ্রিয় দুটি প্রসাধনী পণ্য—‘গোরি বিউটি ক্রিম’ (Gory Beauty Cream) এবং ‘চাঁদনি হোয়াইটেনিং ক্রিম’ (Chandni Whitening Cream)-কে ভারতে বিক্রির জন্য সম্পূর্ণ অননুমোদিত ঘোষণা করা হয়েছে। সিডিএসসিও জানিয়েছে, ভারতে এই দুটি প্রসাধনীর বিক্রির জন্য কোনো ধরনের আমদানি নিবন্ধন সনদপত্র জারি করা হয়নি।
বিপজ্জনক ভারী ধাতুর উপস্থিতি
নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ল্যাবরেটরিতে পরীক্ষার সময় এই প্রসাধনী পণ্যগুলিতে অনুমোদিত সীমার তুলনায় অত্যন্ত উচ্চ মাত্রায় ভারী ধাতু পাওয়া গেছে। প্রসাধনীতে এই ধরনের ভারী ধাতুর অত্যধিক উপস্থিতি মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের পাকিস্তান থেকে আসা এই দুটি প্রসাধনী পণ্য ক্রয় না করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। যাঁদের বাড়িতে ইতিমধ্যে এগুলি কেনা রয়েছে, তাঁদের অবিলম্বে সেগুলি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে বাজারে একই নামের অন্য কোনো অননুমোদিত প্রসাধনী পেলে তাও এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
রাজ্য ও বন্দরগুলিতে কড়া নজরদারি
এই অননুমোদিত প্রসাধনী পণ্যগুলির বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ করতে সিডিএসসিও সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের নির্দেশিকা পাঠিয়েছে। পাশাপাশি জোন, সাব-জোন এবং বন্দর কার্যালয়গুলিকেও নিজ নিজ এলাকায় এই পণ্যগুলির প্রবেশ ও বিক্রি আটকাতে তৎপর হতে বলা হয়েছে। সাধারণ ভোক্তাদের যেকোনো প্রসাধনী কেনার আগে তার গায়ে থাকা উৎপাদন লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের বিবরণ, ব্যাচ নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।