‘৪১ বছরে গুজরাতে একটাও ভোট জেতেনি কংগ্রেস!’ নির্বাচন ফলের পরই রাহুল গান্ধীকে তুলোধনা অমিত শাহের

গুজরাতের স্থানীয় নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের পর প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত চার দশকে গুজরাতের মাটিতে কোনো নির্বাচনেই ঘুরে দাঁড়াতে পারেনি কংগ্রেস। সাম্প্রতিক ভোট ফলাফল নিয়ে বলতে গিয়ে তিনি সরাসরি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করেন।

অমিত শাহ জানান, রাজ্যের তিনটি পুরসভা ও পুরনিগমের মোট ১০৪টি আসনের মধ্যে একাই ৯০টি আসনে জয়লাভ করেছে বিজেপি। এই ফলাফল প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের নীতির ওপর গুজরাতের মানুষের ভরসা কতটা অটুট রয়েছে। এরপরই কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি স্পষ্ট করে রাহুলজিকে বলতে চাই, গত ৪১ বছরে কংগ্রেস গুজরাতে একটাও নির্বাচনে জেতেনি। তারা শেষবার জিতেছিল সেই ১৯৮৫ সালে। তারপর থেকে লাগাতার পরাজয়ের মুখেই পড়তে হয়েছে তাদের।”

রাজনৈতিক মহলের মতে, দেশজুড়ে যখন নির্বাচন কমিশন এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি সুর চড়াচ্ছে, ঠিক তখনই অমিত শাহের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি করেছে। বিজেপির এই বিপুল সাফল্যের জেরে মোদী গড়ে কংগ্রেসের শেকড় যে আরও দুর্বল হয়েছে, তা এদিনের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।