৪০ মিনিট রাস্তায় পড়েছিল দেহ! বীরপাড়ায় দুর্ঘটনায় প্রাক্তন আরপিএফ অফিসারের মৃত্যু

বীরপাড়ায় এশিয়ান হাইওয়ের ওপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত আরপিএফ অফিসারের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট ধরে মৃতদেহটি রাস্তায় পড়েছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে বাইক অ্যাম্বুলেন্স চালক আকবর সেই মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, বীরপাড়া-গেরগান্ডা ব্রিজের কাছে একটি স্কুটি এবং একটি বড় গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বেহাল ব্রিজের কারণে সৃষ্ট যানজট দুর্ঘটনার কারণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম প্রদীপ রঞ্জন ঘোষ (৬৫)। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। তেলিপাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।

বাইক অ্যাম্বুলেন্স চালক আকবর জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।