২০ বছর পর আবারও ফিরল সেই ভয়ংকর স্মৃতি, মালদহে গঙ্গার গ্রাসে কয়েকশো পরিবার!

মালদহের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গার ভয়াবহ ভাঙন আবারও সেখানকার বাসিন্দাদের মনে দুই দশক আগের সেই বিভীষিকা ফিরিয়ে এনেছে। গত তিন দিনে প্রায় তিন কিলোমিটার এলাকার চাষের জমি এবং বসতভিটা গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে প্রায় পাঁচ শতাধিক পরিবার চরম আতঙ্কে রয়েছে। গঙ্গার জল এখন বসতবাড়ি থেকে মাত্র ২০-৩০ মিটার দূরে অবস্থান করছে।
আতঙ্কে অনেকেই তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা গিয়াসউদ্দিন বলেন, “প্রায় ২০ বছর আগে বাড়ি সরিয়ে এখানে এসেছিলাম। আবার এখানে ভাঙন শুরু হয়েছে। গঙ্গা খুব কাছে চলে এসেছে। কখন বাড়িটা তলিয়ে যাবে সেই ভয়ে বাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছি।” গ্রামবাসীদের অভিযোগ, ভাঙন শুরু হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এই বিষয়ে স্থানীয় বিধায়ক এবং রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ইতিমধ্যেই সেচ দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে।
মালদহের মানিকচক, রতুয়া এবং বৈষ্ণবনগর এলাকায় প্রতি বছরই গঙ্গা ভাঙন দেখা যায়। তবে এবছর ভাঙনের তীব্রতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ভাঙনের পাশাপাশি জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পঞ্চানন্দপুরের বাসিন্দারা এখন ভাঙন রোধের পাশাপাশি সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন।