২০ টাকায় ১২ পিস মোমো! নেপালি স্বাদের লোভে মেদিনীপুরে উপচে পড়া ভিড়, ছাত্র-ছাত্রীদের নতুন আড্ডাখানা

মেদিনীপুর শহরের এক কোণে যেন এক টুকরো নেপাল! পাহাড়ি এলাকার গরম ধোঁয়া ওঠা মোমোর সেই অসাধারণ স্বাদ এখন প্রত্যন্ত মেদিনীপুর শহরেও পাওয়া যাচ্ছে—তাও আবার অবিশ্বাস্য কম দামে। শহরের নেপালি পাড়ায় মাত্র কুড়ি টাকায় মিলছে ১২ পিস ভেজ মোমো এবং কুড়ি টাকায় ৮ পিস চিকেন মোমো! এমন আকর্ষণীয় অফার ও দারুণ স্বাদের টানে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করছেন।
প্রতিদিন বিকেল গড়ালেই এই ছোট্ট মোমোর দোকানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বড়দের ভিড় লেগে থাকে। স্বাদের সঙ্গে দামের এই অদ্ভুত মেলবন্ধনই নেপালি পাড়ার এই ছোট্ট দোকানটিকে স্কুল-কলেজ পড়ুয়াদের নতুন আড্ডার কেন্দ্র বানিয়ে দিয়েছে। স্কুল ছুটি হওয়ার পর থেকে শুরু হয় ভিড়, যা চলে রাত্রি দশটা পর্যন্ত। হাতে সামান্য খুচরো টাকা নিয়ে পেট ভরে খাওয়ার আনন্দ—এ যেন আজকের টিফিন টাইমের নতুন সংজ্ঞা।
এখানে মোমোর প্রধান আকর্ষণ হলো তার নেপালি স্বাদ, যা টক-ঝাল লাল চাটনি এবং গরম স্যুপের কম্বিনেশনের সঙ্গে আরও মন মজে যায়। কম দামে এমন মানসম্মত খাবারই শহরের বিভিন্ন প্রান্তের মানুষকে এখানে টেনে আনছে। আজকের দিনে যেখানে এক প্লেট মোমোর দাম ৫০ টাকা ছাড়িয়ে যায়, সেখানে মাত্র ২০ টাকায় ১২ পিস মোমোর দারুণ স্বাদ পাওয়া সত্যিই অবাক করার মতো এবং এই কারণেই নেপালি পাড়ার মোমো এখন তরুণ প্রজন্মের কাছে ব্যাপক হিট।