১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের নিয়ম! পিন দিলেই আর হবে না লেনদেন?

দেশে ক্রমাগত বাড়তে থাকা সাইবার জালিয়াতি রুখতে এবার কোমর বেঁধে নামল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ১ এপ্রিল থেকে ডিজিটাল লেনদেনের সুরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র পিন (PIN) বা পাসওয়ার্ড দিলেই টাকা আদান-প্রদান করা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ (2FA) বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, পিন দেওয়ার পাশাপাশি আরও একটি অতিরিক্ত স্তরের নিরাপত্তা পার করতে হবে গ্রাহককে।
আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, এই অতিরিক্ত স্তরের নিরাপত্তায় ওটিপি (OTP), বায়োমেট্রিক বা ফেস আইডি-র মতো ফিচার যুক্ত করা হচ্ছে। এর ফলে যদি কেউ ভুলবশত আপনার পিন জেনেও যায়, তবুও আপনার অনুমতি ছাড়া অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারবে না। বিশেষ করে ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে হওয়া লেনদেনকে আরও নিশ্ছিদ্র করতেই এই পদক্ষেপ। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর না করলে অনেক ক্ষেত্রে পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ‘সিম সোয়াপিং’ বা ‘ফিশিং’-এর মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে জালিয়াতরা। এই ডবল সিকিউরিটি লেয়ার সেই চুরির পথ কার্যত বন্ধ করে দেবে। গ্রাহকদের সুবিধার্থে ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক তাদের অ্যাপ আপডেট করা শুরু করেছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে লেনদেনকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্ত এক বড় মাইলফলক হতে চলেছে।