‘১৯৬০ সালের পৃথিবী আর আজকের পৃথিবী এক নয়’, পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ ভারতের!

জম্মু ও কাশ্মীরর অনন্তনাগে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক চরম তিক্ত। এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করে এবং ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তিও স্থগিত করে দেয়। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের দৈনন্দিন জীবন ও কৃষিকাজে ব্যবহৃত ৭০ শতাংশ জলের সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দেশটিতে তীব্র জলসংকট তৈরি করেছে। তবে এই পরিস্থিতিতেও ভারত তার সিদ্ধান্তে অনড়।
শুক্রবার জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান ভারতীয় কূটনীতিক অনুপমা সিং। তিনি বলেন, “১৯৬০ সালের পৃথিবী আর আজকের পৃথিবী এক নয়। ১৯৬০ সালে সদিচ্ছা ও বন্ধুত্বের চেতনায় সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু পাকিস্তান থেকে উদ্ভূত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের ভয়াবহ বাস্তবতা চুক্তির বাধ্যবাধকতাকে সম্মান করার পরিবেশকে নষ্ট করে দেয়।”
তিনি আরও বলেন, “কিছু দেশ ক্রমাগত এই প্ল্যাটফর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা খুবই উদ্বেগের বিষয়।” তার এই মন্তব্য পাকিস্তানের দিকে ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
অনুপমা সিং আরও একবার ভারতের এই অবস্থান স্পষ্ট করে দেন যে, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, “পাকিস্তান থেকে উদ্ভূত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিরলস সন্ত্রাসবাদের ভয়াবহ বাস্তবতা চুক্তির বাধ্যবাধকতাকে সম্মান করার পরিবেশকে নষ্ট করে দিয়েছে।”
প্রসঙ্গত, সিন্ধু জলচুক্তি অনুযায়ী, সিন্ধু, ঝিলাম এবং চন্দ্রভাগা নদীর জল ব্যবহারের অনুমতি ছিল পাকিস্তানের। অন্যদিকে, ভারত ইরাবতী, শতদ্রু ও বিপাশা নদীর জল ব্যবহার করতে পারত। পাকিস্তান শুরু থেকেই এই চুক্তি স্থগিত করার বিরোধিতা করে আসছে এবং আন্তর্জাতিক মহলে বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি।