১৪ সেপ্টেম্বর থেকে টানা ব্যাঙ্ক বন্ধ! সেপ্টেম্বর মাসের ছুটির বিরাট তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে উৎসবের মরশুমের জেরে দেশের বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে একাধিক রাজ্যে ছুটির দীর্ঘ তালিকা রয়েছে। ফলে গ্রাহকদের ব্যাংকিং কাজ থাকলে তা আগে থেকেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী, গণেশ পূজা, হরতালিকা তীজ এবং বরসিদ্ধি বিনায়ক ব্রত উপলক্ষে দেশের ৭টি প্রধান রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং গোয়া। এরপর ১৫ সেপ্টেম্বর অর্থাৎ গণেশ চতুর্থীর পরের দিন সংবৎসরি, নুয়াখাই এবং গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষে গুজরাট, ওড়িশা এবং গোয়ায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। বিশেষ করে গোয়া এবং ওড়িশায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর পরপর দুই দিন সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
এছাড়াও আগামী ১৮ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের শিলং সার্কেলে ‘সেঙ কুট স্নেম’ বা স্থানীয় উৎসবের কারণে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাঙ্কের ফিজিক্যাল বা শাখাগত পরিষেবা বন্ধ থাকলেও গ্রাহকদের স্বস্তির বিষয় হলো, ইউপিআই (UPI), মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম-এর মতো সমস্ত ডিজিটাল পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে কোনও নির্দিষ্ট ব্যাঙ্কের নিজস্ব নিয়ম বা লেনদেনের ক্ষেত্রে সামান্য তারতম্য হতে পারে। তাই ছুটির দিনগুলিতে নগদ টাকা তোলার বা জরুরি কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন হলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।