১০ দিনে ২২ জন নকশাল খতম, এবার আত্মসমর্পণ করল ১২ জন! কী বলছে পুলিশ?

ছত্তিসগড়ে নকশাল দমনে এক বড় সাফল্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার নারায়ণপুর জেলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ১২ জন নকশাল, যাদের মধ্যে ৫ জন মহিলা এবং ৭ জন পুরুষ। পুলিশ জানিয়েছে, এই ১২ জন নকশালের মাথার দাম ছিল মোট ১৮ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী এই নকশালরা দীর্ঘদিন ধরে ইন্দ্রাবতী, পূর্ব বস্তার এবং প্লাটুন ১৬ এলাকায় নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুরিয়া জানান, তাদের মধ্যে কয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন। গুরিয়া আরও বলেন, ”তাদের মধ্যে ২ জন ইন্দ্রাবতী এবং পূর্ব বস্তার এলাকায় সক্রিয় ছিল। ১ জন প্লাটুন ১৬ এলাকায় নাশকতার সঙ্গে যুক্ত ছিল। তার কম্যান্ডারকে আমরা গত অভিযানে খতম করেছি।”
পুলিশের লাগাতার অভিযান এবং প্রচণ্ড চাপের মুখে পড়েই এই ১২ জন নকশাল আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আরও জানান, চলতি বছরে এখনও পর্যন্ত মোট ১৭১ জন নকশাল আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী এই নকশালদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে এবং তাদের সরকারি পরিচয়পত্রও তৈরি করে দিচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চের মধ্যে ছত্তিসগড়কে নকশাল-মুক্ত করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। এই অভিযানের ফলে বহু নকশাল খতম হয়েছে এবং অনেকেই আত্মসমর্পণের পথ বেছে নিয়েছে। এই অভিযানই প্রমাণ করে যে ছত্তিসগড় সরকার নকশাল সমস্যা মোকাবিলায় কতটা সক্রিয়।