১০০ কেজির ওজন নিয়ে স্বামীর গায়ে ধপাস! স্ত্রীর চাপ সহ্য করতে না পেরে মৃত্যু যুবকের

অতিরিক্ত ওজনের কারণে সৃষ্ট এক মর্মান্তিক দুর্ঘটনায় স্বামীর শ্বাসরোধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে পর্তুগালের পোর্তো শহরের কাছে ক্যাম্পানহা এলাকায়। ঘটনাটি এতটাই অস্বাভাবিক যে এটি স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গভীর রাতে ১০০ কেজি ওজনের এক মহিলা বিছানা থেকে ওঠার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন এবং হঠাৎ করে স্বামীর ওপর পড়ে যান। দুর্ভাগ্যবশত, স্বামী বিছানা ও দেয়ালের মাঝে আটকে যান এবং স্ত্রীর পুরো ওজন তার ওপর পড়ে। এতে ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন।
প্রতিবেশীরা ওই ব্যক্তির চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন এবং কয়েকজন মিলে স্ত্রীকে সরিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জরুরি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছলেও তার প্রাণ বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ এই ঘটনাটিকে প্রাথমিকভাবে একটি “অদ্ভুত দুর্ঘটনা” হিসেবে চিহ্নিত করেছে। তদন্তে কোনো অপরাধমূলক কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়নি। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ হলো ‘অকস্মিক শ্বাসরোধ’।
এই অস্বাভাবিক দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী গভীর শোকাহত অবস্থায় রয়েছেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাকে মানসিক সহায়তা প্রদান করছেন। মৃতের পরিচিতরাও এই ঘটনায় হতবাক। অনেকেই এটিকে একটি অবিশ্বাস্য এবং দুঃখজনক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
এই মর্মান্তিক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই কীভাবে এমন একটি অদ্ভুত দুর্ঘটনা ঘটতে পারে তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, মানব জীবনে কখন কী ঘটবে তা বলা অসম্ভব।