১০০০ কিমি জুড়ে মহাপ্রলয়ের মেঘ! ধেয়ে আসছে বিধ্বংসী ঝড়-বৃষ্টি, কাঁপবে ভারত-পাকিস্তান?

আকাশজুড়ে ১০০০ কিলোমিটার দীর্ঘ এক দানবীয় মেঘের আস্তরণ! ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত এই বিশাল মেঘপুঞ্জ। শক্তিশালী এক ‘পশ্চিমী ঝঞ্ঝা’র প্রভাবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এখন বড়সড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।
আইএমডি সূত্রে খবর, এই মেঘের সারিটি পূর্ব দিকে ধেয়ে আসছে। এর ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয়ের পাদদেশ ও সমভূমি এলাকায় শিলাবৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ সাময়িকভাবে কমবে, তবে আবহাওয়া শান্ত হতেই ফের গরমের দাপট শুরু হবে। দুর্যোগের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।