হ্যান্ডব্রেক ছিল না! ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে সর্বনাশ, মাঝগঙ্গায় ডুবে যাওয়া গাড়ি নিয়ে রহস্য

নিমতলাঘাট সংলগ্ন গঙ্গা নদীতে আজ সকালে একটি গাড়ি তলিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের চোখে পড়ে, গাড়ির প্রায় অধিকাংশ অংশ এখনও জলের নীচে ডুবে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তীরে তোলার জন্য বিপুল চেষ্টা শুরু করেছে। তবে এই মুহূর্তে গাড়িটির ভেতরে কেউ আটকে আছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

কীভাবে ঘটল এই ঘটনা?
এই অস্বাভাবিক ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। গাড়িটি ফাঁকা অবস্থায় পাড়ে দাঁড় করানো ছিল।

পুলিশের অনুমান, হ্যান্ডব্রেক ঠিকমতো দেওয়া ছিল না, যার ফলে গাড়িটি গঙ্গার দিকে গড়াতে শুরু করে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত গাড়িটি আটকানোর চেষ্টা করেন, কিন্তু গাড়িটি তাদের চোখের সামনেই সোজা গঙ্গায় তলিয়ে যায়।

নিমতলাঘাট সংলগ্ন গঙ্গায় গাড়িটিকে তলিয়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। গাড়িটির ভেতরে কোনো যাত্রী ছিল না বলেই মনে করা হচ্ছে। পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।