হোস্টেল ছাড়ার কয়েকদিনের মধ্যেই মর্মান্তিক পরিণতি! এলপিইউ-এর ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

পাঞ্জাবের প্রখ্যাত লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)-র এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গোটা চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী মেহরু গ্রামের ল গেট এলাকার একটি বেসরকারি পেয়িং গেস্ট (PG) রুম থেকে ২১ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র কয়েকদিন আগেই তিনি কলেজের হোস্টেল ছেড়ে ওই পিজি-তে এসে উঠেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। রবিবার সকালে ওই ছাত্রের ঘরের দরজা বন্ধ থাকা এবং কোনো সাড়াশব্দ না মেলায় আশেপাশের ছাত্রদের সন্দেহ হয়। এরপর তারা পিজি কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। খবর পেয়ে পিজি অপারেটর ও বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়েই তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রটি এর আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই থাকছিলেন, কিন্তু কিছুদিন আগেই তিনি বাইরে পিজি-তে শিফট করেন। তবে তাঁর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। মর্মান্তিক এই খবর পেয়েই মৃত ছাত্রের পরিবার ঘটনাস্থলে ছুটে আসে। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ওই যুবকের বন্ধুবান্ধব ও সহপাঠীদের সঙ্গে কথা বলে আত্মহত্যার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।