হোটেলের সামনেই চলল ‘আদরের নামে’ পৈশাচিকতা! প্রতিবাদ করতেই পর্যটক বাবার ওপর চড়াও যুবক, তারপর…

দিঘা-মন্দারমণি সমুদ্র সৈকতে ছুটি কাটাতে এসে এক চার বছরের শিশুকন্যা যৌন হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ। এই গুরুতর অভিযোগে মন্দারমণি উপকূল থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ওড়িশার দুই পর্যটক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকন্যাকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে আসেন। তাঁরা যে হোটেলে উঠেছিলেন, সেই হোটেলেই ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা সিতুন প্রধান এবং মনোজিৎ আচার্য নামে দুই পর্যটক বন্ধু ছিলেন।

অভিযোগ, সেদিন সন্ধ্যায় রুম থেকে বেরোনোর পর হোটেলের সামনে শিশুকন্যাকে মদ্যপ অবস্থায় ‘আদরের নামে’ অশালীনভাবে স্পর্শ করতে থাকেন সিতুন প্রধান। শিশুকন্যার বাবা-মা বিষয়টি দেখে তীব্র প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ করলে সিতুন দাবি করেন যে তিনি শুধু আদর করছেন। কিন্তু বাবা-মা স্পষ্ট বলেন, আদরের নামে যৌন নির্যাতন করা হচ্ছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।

শিশুকন্যার বাবা সিতুনের ওপর চড়াও হলে বন্ধুকে বাঁচাতে মনোজিৎ আচার্যও মারপিটে জড়িয়ে পড়েন। এই ঘটনার পর শিশুকন্যার বাবা থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন।

মন্দারমণি উপকূল থানার পুলিশ দ্রুত হোটেল থেকে দুই যুবককে আটক করে এবং পরে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সিতুন প্রধানের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত দু’জনকেই কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।