হিন্দু শরণার্থীদের জেলে পুরেছে কে? CAA নিয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ, শনিবার সকালে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। সিএএ (CAA) এবং শরণার্থী নীতি নিয়ে তৃণমূলের ‘দ্বিচারিতা’ ও ‘অসহযোগিতার’ দিকে আঙুল তুলে তিনি কড়া বার্তা দিয়েছেন।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “মুখ্যমন্ত্রী ভবানীপুর বা কলকাতায় দাঁড়িয়ে যা বলেন, এয়ারপোর্টে গিয়ে তার বক্তব্যগুলো পরিবর্তন করেন। এই দ্বিচারিতা মানুষ দেখছে। মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল। ২০১৯ সালে সিএএ বিরোধিতার সময়ও মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়েছিলেন।”
শরণার্থী নীতি প্রসঙ্গে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী হিন্দু শরণার্থীদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে হিন্দু শরণার্থীরা এখন নিরাপদে থাকার সুযোগ পাচ্ছেন। বিরোধী দলনেতা আরও বলেন, “গতকাল আমরা একটি জনস্বার্থ মামলা করেছি। এতে জানতে চাওয়া হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কতজন হিন্দু শরণার্থীকে জেলে রাখা হয়েছে। আমরা সবাইকে জেল থেকে মুক্ত করব।”
অন্যদিকে, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি কটাক্ষ করে বলেন, “বাংলাদেশি রোহিঙ্গা খুঁজতে বেশি পরিশ্রম করতে হবে না। প্রতি রোহিঙ্গা পিছু ৫০০ টাকা করে দিলেই তৃণমূলের লোকজনই সব রোহিঙ্গা ধরিয়ে দেবে।” তৃণমূলের বিরুদ্ধে হুমকি-ধমক ও অসহযোগিতার রাজনীতির অভিযোগ তুলে তিনি স্পষ্ট করে দেন যে, রাজ্যের এই কর্মপ্রণালীর জবাব মানুষ দেবে।