হাসপাতালের আইসিইউতে ইঁদুরের কামড়ে মৃত্যু দুই নবজাতকের, উঠছে গাফিলতির অভিযোগ!

মধ্যপ্রদেশের ইন্দোরের একটি সরকারি হাসপাতালে আইসিইউতে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার এবং স্থানীয়রা এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং সত্য গোপন করার অভিযোগ এনেছেন।

ঘটনাটি গত ৩১শে আগস্ট এবং ১লা সেপ্টেম্বরের রাতের মধ্যে ঘটে বলে জানা গেছে। দেওয়াস জেলার বাসিন্দা সাজিদ খান অভিযোগ করেছেন যে তাঁর নবজাতক কন্যাকে রক্ত ​​সংক্রমণের কারণে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল। কিন্তু পরে যখন তিনি মেয়ের মরদেহ থেকে ব্যান্ডেজ খোলেন, তখন তিনি তার আঙুলে ও তালুতে ইঁদুরের কামড়ের ক্ষতচিহ্ন দেখতে পান। এই ঘটনায় সাজিদ খান প্রশাসনকে অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নবজাতক দুটি জন্মগত ত্রুটির কারণে মারা গেছে এবং ইঁদুরের কামড়ে মৃত্যুর অভিযোগটি অস্বীকার করেছে। তবে পরিবারের পাশাপাশি আদিবাসী সংগঠন ‘জয় আদিবাসী যুব শক্তি’ (JAYS)-এর কর্মীরাও হাসপাতালের এই বক্তব্য নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছেন।

জেলা ম্যাজিস্ট্রেট শিবম বর্মা জানিয়েছেন, মৃত শিশুদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার এই ঘটনার বিষয়ে সংবেদনশীল এবং রাজ্যস্তরের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

JAYS-এর সভাপতি লোকেশ মুজালদা হাসপাতালের সুপারিনটেনডেন্ট-সহ শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনাটি সরকারি হাসপাতালের নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।