হানিমুনে গিয়ে স্বামীকে খুন! ৭৯০ পাতার চার্জশিট জমা দিল মেঘালয় পুলিশ, সোনম ছাড়া আর কার কার নাম উঠল জানেন?

মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করার অভিযোগে স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মেঘালয়ের সোহরা সাব ডিভিশনের আদালতে জমা দেওয়া চার্জশিটে সোনমের পাশাপাশি তার প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিন সহযোগী আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং বিশাল সিং চৌহানের নামও রয়েছে।

গত ২৩ মে, ইনদওরের ব্যবসায়ী রাজা রঘুবংশী স্ত্রী সোনমের সঙ্গে হানিমুনের জন্য মেঘালয়ের শিলংয়ে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে সোনম তার প্রেমিক ও ভাড়া করা গুন্ডাদের সাহায্যে রাজাকে কুপিয়ে খুন করে একটি খাদে ফেলে দেয়। এই নৃশংস ঘটনাটি সারাদেশের সংবাদমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল।

বর্তমানে এই পাঁচ অভিযুক্তই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় খুন, ২৩৮ (এ) ধারায় প্রমাণ লোপাট এবং ৬১ (২) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়াম জানিয়েছেন, অতিরিক্ত ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর আরও তিন সহযোগী সিলোম জেমস, লোকেন্দ্র তোমার এবং বলবীর আহিরবারের বিরুদ্ধে একটি সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে প্রমাণ নষ্ট ও লুকানোর অভিযোগ রয়েছে। তারা বর্তমানে জামিনে মুক্ত।

এই ঘটনায় সোনমের ভাই গোবিন্দ এবং তার পরিবার ইতিমধ্যেই সোনমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন।