হচ্ছেটা কী! পুজোর থিমের মতো সেজে উঠল পঞ্চায়েত অফিস, দেখতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের মানুষ

দুর্গাপূজার আগে মালদহের চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পূজার থিমের আদলে সাজিয়ে তোলা হয়েছে এই পঞ্চায়েত দফতর, যা এখন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদেরও নজর কেড়েছে।

পঞ্চায়েত অফিসের প্রবেশদ্বার থেকে শুরু করে বারান্দা, সভাকক্ষ— প্রতিটি দেওয়াল মনীষীদের ছবি এবং তাঁদের বাণীতে সেজে উঠেছে। এছাড়াও রয়েছে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন মডেল, যা গ্রামবাংলার পরিবেশকে তুলে ধরছে। এই অভিনব সজ্জায় জেলার ঐতিহাসিক নিদর্শনগুলিকেও স্থান দেওয়া হয়েছে। বিশেষ করে নারী ও শিশুবান্ধব বিভিন্ন বার্তা তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে।

এই পঞ্চায়েতের সৌন্দর্যায়ন দেখতে মালদহ জেলাসহ পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরের জনপ্রতিনিধিরাও ভিড় জমাচ্ছেন। তাঁদের মতে, এমন একটি পঞ্চায়েত দফতর তাঁরা আগে কখনো দেখেননি। এটি শুধু একটি সুন্দর ভবনই নয়, বরং এর মধ্য দিয়ে সামাজিক বার্তা দেওয়া হচ্ছে।

কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান জানান, “এই সৌন্দর্যায়নের মাধ্যমে মানুষকে সামাজিক বার্তার পাশাপাশি উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে আমরা পঞ্চায়েত দফতরকে আরও সুন্দর করার পাশাপাশি এলাকার উন্নয়নকেও গুরুত্ব দেব।”