হইচই-এর মেগা ধামাকা! জিতু-শোলাঙ্কির তন্ত্রসাধনার রোমহর্ষক রহস্যে কাঁপবে ওটিটি, চমক শাশ্বত-পরমব্রতর

পথচলার ১০ বছর পূর্ণ করল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ (Hoichoi)। আর প্রতি বছরের মতো এবারও নতুন বছরে দর্শকদের বিনোদনের চাকা সচল রাখতে একগুচ্ছ চমকপ্রদ প্রজেক্টের ঘোষণা করল এই স্ট্রিমিং জায়ান্ট। যার মধ্যে টলিউডের তাবড় তারকাদের সমাহার এবং টানটান উত্তেজনার গল্প নিয়ে তৈরি নতুন দুটি সিরিজ এখন থেকেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

জিতু কমল ও শোলাঙ্কির জুটিতে আসছে ‘কাউরি বুড়ির মন্দির’

ছোটপর্দা থেকে বড়পর্দা—সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন অভিনেতা জিতু কমল। এবার সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘হইচই’-এর নতুন সিরিজ ‘কাউরি বুড়ির মন্দির’-এর মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। এই সিরিজে জিতুর বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। পাশাপাশি, একটি ছকভাঙা ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে।

বিখ্যাত লেখক অভীক সরকারের লেখা গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি, যেখানে তন্ত্র এবং রহস্যের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। হাজার বছরের পুরনো এক অভিশাপের হাত থেকে মাধুরী নামের এক তরুণীর জীবন বাঁচাতে আসমের এক দুর্গম জঙ্গলে পাড়ি দেয় কলকাতার এক জ্যোতিষী ভবতারণ (জিতু কমল)। সেখানে এক প্রাচীন দেবীর উপাসনা করা এক সম্প্রদায়ের মুখোমুখি হতে হয় তাঁকে। অমাবস্যার আগেই মাধুরীর প্রাণ বাঁচাতে ভবতারণ কী পারবে সফল হতে? সেই রোমহর্ষক উত্তরই মিলবে এই সিরিজে। বর্তমানে জিতু কমল রিয়্যালিটি শো বিগ বসের ঘরে থাকায় এই বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেননি।

শাশ্বত চট্টোপাধ্যায় এবার ‘আগমবাগীশ’, পরিচালনায় পরমব্রত

হইচইয়ের এবারের ঘোষণাগুলির মধ্যে অন্যতম বড় আকর্ষণ হলো ‘আগমবাগীশ: দ্রোলমার খড়্গ’। এই ওয়েব সিরিজে নামভূমিকায় অভিনয় করছেন টলিউডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। আর এই প্রজেক্টের পরিচালনার গুরুদায়িত্ব রয়েছে বহুমুখী প্রতিভাবান অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) কাঁধে।

ঐতিহাসিক ও রহস্যে ঘেরা এই গল্পটিও কলমবন্দি করেছেন অভীক সরকার। বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণচন্দ্র আগমবাগীশের জীবন এবং এক ডাকাত ও শতাব্দী প্রাচীন বিশ্বাসের সঙ্গে লড়াইয়ের প্রেক্ষাপটে তৈরি হবে এই সিরিজ। কাজের সূত্রে শাশ্বত চট্টোপাধ্যায় বর্তমানে শহরের বাইরে থাকায় এখনও এই সিরিজের শুটিং শুরু না হলেও, নাম ঘোষণার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।