সৎ মায়ের হিংসা! পুকুরে ডুবিয়ে খুন পাঁচ বছরের শিশুকন্যাকে, চাঞ্চল্য ঘটনায়

সৎ মায়ের হিংসার বলি হল পাঁচ বছরের এক শিশুকন্যা। বুধবার গভীর রাতে বাড়ির পাশের পুকুরে ডুবিয়ে নাফিসা খাতুন নামে ওই শিশুটিকে খুন করার অভিযোগ উঠেছে তার সৎ মা রহিমা শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পারগাঁতি গ্রামে। এই খবর জানাজানি হতেই বৃহস্পতিবার বিকেল থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পারগাঁতি গ্রামের বাসিন্দা নুরুল হাসান শেখের দ্বিতীয় স্ত্রী রহিমা শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল হাসানের প্রথম পক্ষের মেয়ে নাফিসাকে রহিমা একেবারেই পছন্দ করত না। এই বিষয় নিয়ে প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকত। প্রতিবেশীদের অভিযোগ, এই তিক্ততার জেরেই রহিমা শিশুটিকে খুন করেছে।
বুধবার সন্ধ্যা থেকে নাফিসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাতে স্থানীয় পুকুরে তার দেহ ভেসে ওঠে। এলাকাবাসীই জীবনতলা থানায় খবর দেন এবং তাঁদের সন্দেহের তির ছিল রহিমার দিকেই।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলেই অভিযুক্ত রহিমা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই নৃশংস কাণ্ডে রহিমাকে আর কেউ সাহায্য করেছিল কিনা। এই ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং রহিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।