স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি! ৩৩তম আন্তর্জাতিক পুরস্কারে বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার

বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো সোমবার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক অবস্থান এবং বিদেশনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ প্রদান করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী মোদির ঝুলিতে আসা ৩৩তম আন্তর্জাতিক সম্মান। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় আয়োজিত এক বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদির হাতে এই মর্যাদাপূর্ণ সম্মান তুলে দেন।

এই সম্মানে ভূষিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত সম্মানিত। এই সম্মান কেবল আমার নয়, এটি ভারতের ১৪০ কোটি মানুষের। আমি এই সম্মান ভারত ও স্লোভাকিয়ার অটুট বন্ধুত্বের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আমন্ত্রণে এই প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর, যা ভারত-স্লোভাকিয়া সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সফরের তাৎপর্য কেবল সম্মানপ্রাপ্তিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও এটি নতুন যুগের সূচনা করেছে। বিদেশ সচিব (পশ্চিম) সিবি জর্জ জানিয়েছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক অভিপ্রায় পত্র’, যা দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পখাতে যৌথভাবে কাজ করার পথ প্রশস্ত করবে। এছাড়া ডিজিটাল প্রযুক্তি, কোয়ান্টাম যোগাযোগ, দক্ষ ভারতীয় পেশাজীবীদের যাতায়াত সহজ করতে শ্রম অভিবাসন কাঠামো এবং অডিয়ো-ভিজ্যুয়াল নির্মাণ ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

দ্বিপাক্ষিক বাণিজ্যের গণ্ডি পেরিয়ে ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ দমনে সমন্বিত লড়াইয়ের জন্য একটি যৌথ কার্যকরী দল গঠনের বিষয়েও উভয় পক্ষ সম্মতি জানিয়েছে। স্লোভাকিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান কোনো বিদেশি বিশিষ্ট ব্যক্তিকে বিরল ঘটনা। মোদিকে এই সম্মান প্রদান ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।