স্ত্রীর পরকীয়ায় বলি স্বামী! ১১ মাস পর বাড়ির উঠোনে মিলল পচাগলা মৃতদেহ

প্রায় এক বছর পর নিখোঁজ এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হলো। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, এই খুনের পেছনে জড়িত মৃত যুবকের স্ত্রী এবং তার ভাইপো। পুলিশ ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে।
গত বছর আগস্ট মাসে নিখোঁজ হওয়া ওই যুবকের সন্ধান না পেয়ে তার মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুবকটি কর্মসূত্রে গুজরাতে থাকতেন এবং মাঝে মাঝে কানপুরের বাড়িতে আসতেন। তার অনুপস্থিতিতেই তার স্ত্রী মৃত স্বামীর ভাইপোর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।
পুলিশের তদন্তে জানা যায়, গত ২ নভেম্বর, বাড়িতে ফেরার পর যুবকটির সঙ্গে তার স্ত্রীর আবারও অশান্তি হয়। এরপরেই স্ত্রী এবং তার প্রেমিক মিলে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। যুবকটি জ্ঞান হারালে তাকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়। খুনের পর মৃতদেহ বাড়ির পিছনের উঠোনে পুঁতে দেওয়া হয়।
বৃদ্ধা মা যখন ছেলের খোঁজ করতেন, তখন স্ত্রী কোনো না কোনো অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন। অবশেষে, সন্দেহ হওয়ায় বৃদ্ধা পুলিশে অভিযোগ জানান।
পশ্চিম কানপুরের ডিসিপি দীনেশ ত্রিপাঠি জানিয়েছেন যে, অভিযুক্ত দু’জনই খুনের কথা স্বীকার করেছেন। তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।