স্টেশনে পরিবারকে তুলে দিতে গিয়ে বিপত্তি! প্ল্যাটফর্ম টিকিট নিয়ে রেলের চরম সিদ্ধান্তে নেটদুনিয়ায় বিতর্ক

প্ল্যাটফর্ম টিকিট কেটে স্টেশনে ঢুকেছিলেন। লক্ষ্য ছিল পরিবারকে ট্রেনে তুলে দেওয়া। কিন্তু ট্রেন লেট হওয়ায় চরম বিড়ম্বনার শিকার হতে হল এক যুবককে। ট্রেন দেরিতে আসার দায়ভার ওই যুবকের ওপর চাপিয়ে ৫০০ টাকা জরিমানা করার অভিযোগ উঠল টিকিট চেকারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ জাংশনে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চরম বিতর্কের জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত আদিত্য সিংহ চৌহান নামে এক যুবকের অভিজ্ঞতায়। বিহারের বাসিন্দা আদিত্য তাঁর পরিবারকে ট্রেনে তুলে দিতে কল্যাণ স্টেশনে গিয়েছিলেন। নিয়ম মেনে প্ল্যাটফর্ম টিকিটও কেটেছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় ট্রেন ঢোকার কথা ছিল। কিন্তু স্টেশনে ঘোষণা হয়, ট্রেনটি দু’ঘণ্টা দেরিতে আসবে। এরপর সময় গড়াতে গড়াতে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে।

এই দীর্ঘ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা আদিত্যকে প্ল্যাটফর্মের ভেতর ধরেন এক টিকিট চেকার। আদিত্য তাঁর বৈধ প্ল্যাটফর্ম টিকিট দেখালে টিকিট চেকার জানান, টিকিটের মেয়াদ মাত্র দু’ঘণ্টা। ট্রেন দেরিতে আসার ফলে তাঁর কেনা টিকিটের সময়সীমা আগেই পেরিয়ে গিয়েছে। এই যুক্তিতে টিকিট চেকার ওই যুবকের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা দাবি করেন।

আদিত্য পাল্টা প্রশ্ন করেন, “ট্রেন দেরিতে ঢোকার দায় কি আমার? কেন আমাকে জরিমানা দিতে হবে?” চেকার যুক্তি দেন, মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর দ্বিতীয়বার টিকিট কেনা উচিত ছিল। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ তর্কাতর্কি চলে এবং শেষ পর্যন্ত আদিত্যকে ৫০০ টাকার চালান ধরিয়ে দেওয়া হয়।

ক্ষুব্ধ আদিত্য স্টেশন চত্বর থেকেই একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “ট্রেন লেট হওয়ার জন্য আমি কি দায়ী? ৫০০ টাকা কি সহজে উপার্জন করা যায়? রেলের এই কেমন হিসেব?” এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। অধিকাংশ মানুষের প্রশ্ন, ট্রেন লেট হলে রেল কি যাত্রীদের টাকা ফেরত দেয়? যদি রেল দায় না নেয়, তবে যাত্রীদের কেন মাশুল গুনতে হবে? রেলের এই অনমনীয় নিয়ম এবং টিকিট চেকারের আচরণের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন ভারতীয় রেলের পরিষেবা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।