নারীরাই দেশের শক্তি, মনুস্মৃতিতে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: রাহুল গান্ধী

দেশের আসল শক্তি দেশের ৭০ কোটি নারী। কিন্তু বহু ক্ষেত্রেই তাঁদের কেবল স্ত্রী, কন্যা এবং মায়ের মতো নির্দিষ্ট কিছু ভূমিকায় সীমাবদ্ধ করে রাখা হয় বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। শনিবার পুনেতে ‘ছাত্রও কি গুঞ্জ’ নামক একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী মনুস্মৃতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, সেখানে নারীদের নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। তাঁর মতে, শৈশবে বাবা, যৌবনে স্বামী এবং বার্ধক্যে সন্তানের ওপর নারীর নির্ভরশীলতার কথা বলে তাঁদের স্বাধীন সত্তাকে খর্ব করা হয়। কিন্তু কোনো নারীই কারও ওপর নির্ভরশীল নন এবং তাঁদের নিজস্ব স্বাধীন পরিচয় থাকা উচিত বলে মত প্রকাশ করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে কেবল একপাক্ষিক বক্তব্য না রেখে তরুণী ও পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন রাহুল গান্ধী। পুরুষরা কেন নারীদের নিয়ন্ত্রণ করতে চায়—এমন প্রশ্ন তুলে তিনি উপস্থিত যুবতীদের মতামত জানতে চান। অনুষ্ঠানে উপস্থিত এক তরুণী পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং নারীর স্বাধীনতা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। পরিবারের পক্ষ থেকে মেয়েদের কাজের ক্ষেত্রে এখনো অনেক সময় পরোক্ষ বা প্রত্যক্ষ বাধা দেওয়া হয় বলে মত প্রকাশ করেন তিনি। নারীদের সমান অধিকার এবং সম্পত্তি পাওয়ার বিষয়টিকে আজও অনেক ক্ষেত্রে ‘অনুগ্রহ’ হিসেবে দেখা হয় বলেও অনুষ্ঠানে আলোচনা ওঠে।