সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ, রায় স্থগিত! সরকারি কর্মীরা কি ডিএ পাবেন?

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হলেও রায়দান এখনো স্থগিত রয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে শুনানি শেষ হওয়ার পর আদালত রাজ্য সরকারকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সোমবার লিখিত বক্তব্য জমা দিয়েছে। রাজ্যের আইনজীবী কপিল সিবাল এই বক্তব্য পেশ করেন। এতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল দেশের কোন কোন রাজ্য কনজ্যুমার প্রাইস ইনডেক্স (CPI) বা ভোক্তা মূল্যসূচক মেনে ডিএ দেয় না। এর উত্তরে রাজ্য সরকার জানিয়েছে, প্রায় দশটি রাজ্যে এই সূচক অনুযায়ী ডিএ দেওয়া হয় না।

পাল্টা সওয়াল করতে চান সরকারি কর্মীদের আইনজীবীরা
রাজ্যের জমা দেওয়া লিখিত বক্তব্যের পাল্টা জবাব দিতে চেয়েছেন সরকারি কর্মীদের আইনজীবী করুণা নন্দী। আদালত জানিয়েছে, এর জন্য আগেই এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, এবং সেই সময়ের মধ্যেই সরকারি কর্মীদের আইনজীবীরা তাদের লিখিত বক্তব্য জমা দিতে পারেন।

ওয়াকিবহাল মহলের মতে, দুই পক্ষের লিখিত বক্তব্য জমা দেওয়ার পরেই সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। ধারণা করা হচ্ছে, দুর্গাপূজার পরেই এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।