“সিরিয়ালগুলোতে সারাক্ষণ এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে…”, মেগা সিরিয়াল নিয়ে বিরক্তি প্রকাশ মমতার

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতি বছরের মতো এবারও বিনোদন ও সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পীদের ‘মহানায়ক পুরস্কার’ দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হলো ধনধান্য স্টেডিয়ামে। তবে, এই পুরস্কার বিতরণী মঞ্চ থেকেই মেগা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে খানিক বিরক্তি প্রকাশ করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিয়াল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রয়্যাল ক্যারেক্টার, তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।”

এরপর তিনি জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, “এতে কিন্তু লীনাদিদের হাতে নেই, এটা যাঁরা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি কেন? বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত অভিনব জিনিস আছে। তা না করে, কী করবেন? ও ওকে গুলি চালাচ্ছে। ও ওকে ছুরি মারছে। এগুলো আমি যেই দেখি, বন্ধ করে দিই।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বাংলা সিরিয়ালের মান নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আরও একবার সামনে এল।

২০২৫ সালের এই সম্মাননা অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, অদিতি মুন্সি -সহ বিনোদন জগতের আরও অনেক উজ্জ্বল মুখ উপস্থিত ছিলেন।

এই বছর যাঁরা মহানায়ক পুরস্কারে সম্মানিত হয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পরিচালক গৌতম ঘোষ। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী এবং গায়ক রূপঙ্কর বাগচী। মেকআপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন সোমনাথ কুন্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য। এছাড়াও, অভিনয় দুনিয়া থেকে মহানায়ক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।

মুখ্যমন্ত্রীর সিরিয়াল বিষয়ক মন্তব্যের পাশাপাশি, এই দিনেই তিনি অন্য এক প্রসঙ্গে ‘ভাষা সন্ত্রাস’ বন্ধের ডাক দিয়ে বাঙালি শ্রমিকদের উপর দেশের বিভিন্ন রাজ্যে অত্যাচারের অভিযোগ তুলেছেন, যা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।