সিপি রাধাকৃষ্ণণ ভারতের নতুন উপরাষ্ট্রপতি, বিশাল ব্যবধানে হারল বিরোধী জোট

বিপুল ভোটে জয়ী হয়ে ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। তিনি ইন্ডিয়া জোটের প্রার্থী বি. সুদর্শনকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট, যেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট। এই জয়ের ফলে জগদীপ ধনখড়ের পর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ।

এনডিএ শিবিরের বিশাল জয়
এই নির্বাচনে এনডিএ শিবিরের জয় প্রত্যাশিতই ছিল, তবে ভোটের বিশাল ব্যবধান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। মূলত লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ভোটেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ৭৮১ জন সাংসদের মধ্যে মোট ভোট পড়েছে ৭৬৭টি, যেখানে জয়ের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যা ছিল ৩৮৪।

এনডিএ জোটের মোট সাংসদ সংখ্যা ৪২৭, সেখানে রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট, যা থেকে স্পষ্ট যে বিরোধী জোটের কিছু সাংসদ তাকে ভোট দিয়েছেন। এতে বিরোধী জোটের মধ্যে ফাটল আরও স্পষ্ট হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া
এনডিএ-র এই বিশাল জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “জয় তো নিশ্চিত ছিলই। যাঁর জেতার কথা, তিনিই জিতেছেন। নতুন উপরাষ্ট্রপতি আগামী দিনে বিকশিত ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হতে চলেছেন।” একই সঙ্গে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, “ওঁদের হারতে মজা লাগে, ওঁরা এতেই খুশি।”

নতুন উপরাষ্ট্রপতিকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা ৫ মিনিটে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সিপি রাধাকৃষ্ণণ।