সিকিমের পর্যটনে গতি আনতে পাকইয়ংয়ের পর এবার আকাশপথে সোরেঙ্গ জেলা, ডোডাক হ্যালিপ্যাডে সফল ট্রায়াল ল্যান্ডিং

সিকিমের পর্যটন শিল্পে নতুন গতি আনতে রাজধানী পাকইয়ংয়ের পর এবার সোরেঙ্গ জেলাকেও আকাশপথে যুক্ত করার বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। উত্তর সিকিমের পাশাপাশি সোরেঙ্গও তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এতদিন পর্যটকদের শুধুমাত্র দুর্গম সড়কপথের উপর নির্ভর করতে হত।

সিকিম প্রশাসন এবার সোরেঙ্গ জেলার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে প্রাথমিক পর্যায়ে ছোট হেলিকপ্টার চলাচলের জন্য হেলিপ্যাডের মাধ্যমে আকাশপথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে।

সফল ট্রায়াল ল্যান্ডিং:

বুধবার সোরেঙ্গ জেলার ডোডাক হ্যালিপ্যাডে Mi-172 হেলিকপ্টারের প্রথম ট্রায়াল ল্যান্ডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। সিকিমের রাজ্য পর্যটন উন্নয়ন নিগম (STDC), জেলা প্রশাসন কেন্দ্র এবং হেলিপ্যাড কমিটির যৌথ উদ্যোগে এই ট্রায়াল রান অনুষ্ঠিত হয়।

এদিন ট্রায়াল রানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ত্রিকালদর্শী কুমার সিং ও ক্যাপ্টেন এমসি মিশ্রা-সহ নিগমের পদস্থ আধিকারিকেরা। সিকিম উন্নয়ন বিভাগের (হেলিকপ্টার ডিভিশনের) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তেজপাল প্রধান এই সফলতা প্রসঙ্গে বলেন, “নতুন হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ল্যান্ডিং সারফেস, আবহাওয়া এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থাসহ সবকিছু পরীক্ষা করা যায়। এদিন হেলিকপ্টারটি নিরাপদ ও সফলভাবে অবতরণ করেছে।”

বাণিজ্যিক ফ্লাইটের পথে বাধা:

তবে, এই ট্রায়ালে কিছু সমস্যাও চিহ্নিত হয়েছে। হেলিপ্যাডে অবতরণের সময় অ্যাপ্রোচ রোড ও পার্শ্ববর্তী এলাকায় গাছপালা এবং অন্যান্য বাধা রয়েছে। নিগমের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট শুরু করার আগে হেলিপ্যাড কমিটির কাছে দ্রুত সেই বাধা অপসারণের অনুরোধ করা হয়েছে।

এই ট্রায়াল সফল হওয়ায় ডোডাক হেলিপ্যাডে বাণিজ্যিক ফ্লাইট চালু হওয়ার পথ সুগম হল। হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “পাকইয়ংয়ের পর সোরেঙ্গও আকাশপথে যুক্ত হলে সিকিমের পর্যটনে ব্যাপক গতি আসবে। এটা পর্যটন শিল্পের জন্য দারুণ খবর।”

Riya Chakrabarty
  • Riya Chakrabarty