সাপের কামড় খেয়েও কর্তব্যে অবিচল! মন জিতলেন পুরুলিয়ার রোগীদের, কে এই চিকিৎসক.?

সাপের কামড় খাওয়ার পরেও নিজের অসুস্থতাকে উপেক্ষা করে রোগীদের সেবা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আব্দুল খালেক লস্কর। তাঁর এই কর্তব্যপরায়ণতা ও মানবিকতা দেখে মুগ্ধ এলাকাবাসী।

সম্প্রতি কোয়ার্টারের বাইরে জল আনতে গিয়ে একটি অজ্ঞাত সাপ আব্দুল খালেকের বাঁ পায়ের পাতায় ছোবল মারে। তিনি দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের প্রাথমিক চিকিৎসা করান এবং প্রয়োজনীয় ইনজেকশন নেন। চিকিৎসকের পরামর্শ ছিল ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার। কিন্তু তখনই খবর আসে, স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর রোগী তাঁর জন্য অপেক্ষা করছেন।

রোগীদের অপেক্ষার কথা জানতে পেরেই আব্দুল খালেক আর এক মুহূর্ত বসে থাকতে পারেননি। নিজের অসুস্থতাকে দূরে সরিয়ে তিনি দ্রুত চলে যান আউটডোরে এবং সারাদিন ধরে রোগীদের চিকিৎসা করেন। স্থানীয় মানুষজন জানিয়েছেন, ২০১২ সালে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে সেবা করে আসছেন এবং এই ঘটনা তাঁর প্রতি তাদের শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। এই চিকিৎসকের মতে, “রোগীদের যখন প্রয়োজন, তখন ব্যক্তিগত অসুস্থতা গৌণ।” আব্দুল খালেকের এই দৃষ্টান্ত পেশাগত নিষ্ঠা ও মানবিকতার এক নতুন উদাহরণ তৈরি করল।