“সহনশীলতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন! অপারেশন সিঁদুর নিয়ে চপলার হুঙ্কার অজিত ডোভালের”

ভারতের উদারতা ও সহনশীলতাকে কখনওই দুর্বলতা বলে ভুল করা উচিত নয়। ডিসকভারির আসন্ন ডকুসিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ মুখ খুলে এমনই কড়া বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, দেশের সুরক্ষায় বড় ঝুঁকি নিতে এবং কঠোর আঘাত হানতে পিছপা হবে না ভারত।

উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওতে সংঘটিত মর্মান্তিক সন্ত্রাসী হামলার বদলা নিতেই ৭ মে ভোরে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘অপারেশন সিঁদুর’। প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মাটিতে লুকিয়ে থাকা শত্রু শিবির ও জঙ্গি আস্তানাগুলো সম্পূর্ণ ধ্বংস করা। অভিযানের পর এই প্রথম কোনো প্রকাশ্যে সাক্ষাৎকারে নিজের মতামত ব্যক্ত করলেন দেশের নিরাপত্তা প্রধান।

তিনি বলেন, পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত এবং এর জন্য দায়ী শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়াই ছিল এই অভিযানের একমাত্র উদ্দেশ্য। বিশ্ববাসীর কাছে ভারতের অবস্থান স্পষ্ট করে ডোভাল জানান, “ভারতের উদারতা বা সহনশীল হওয়াকে কেউ যেন তার দুর্বলতা না ভাবে। ভারত যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত এবং পরিণতির কথা না ভেবে কঠোরতম জবাব দিতে সক্ষম। উপযুক্ত সময়ে এর চরম জবাব দেওয়া হবে।”

ডিসকভারি সূত্রে জানা গেছে, এই দুই পর্বের তথ্যচিত্রটিতে ‘অপারেশন সিঁদুর’-এর পেছনের রণকৌশল, সিদ্ধান্ত গ্রহণ এবং উত্তাল মুহূর্তগুলোর নেপথ্য কাহিনী তুলে ধরা হয়েছে। যেখানে ভারতের শীর্ষ সামরিক ও জাতীয় নিরাপত্তা নেতৃত্ব সরাসরি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আগামী শনিবার রাত ৯টায় ডিসকভারি চ্যানেল এবং স্ট্রিমিং অ্যাপ ডিসকভারি প্লাস-এ প্রিমিয়ার হবে এই বহুল প্রতীক্ষিত তথ্যচিত্রটি।