সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে বড় ধাক্কা! রাজ্যের কাছে স্পষ্ট জবাব তলব করল কলকাতা হাইকোর্ট

রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান নিয়ে জট কাটছে না। এই সমস্ত ‘গ্রান্টস-ইন-এইড’ (Grants-in-Aid) স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এখনও কেন মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে রাজ্যের কাছে স্পষ্ট জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের (ABTA) দায়ের করা মামলার প্রেক্ষিতে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিল যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র একাংশ মিটিয়ে দেওয়া হয়েছে এবং বাকি বকেয়া মেটানোর প্রস্তুতি চলছে। তবে অভিযোগ উঠেছে, সরকারি কর্মচারীরা ডিএ পেলেও এই স্কুলগুলির শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনও সেই বকেয়া থেকে বঞ্চিত। এ দিন আদালতে আবেদনকারী শিক্ষকদের পক্ষে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম ও সুদীপ্ত দাসগুপ্ত। শুনানি চলাকালীন রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এবিটিএ-র দাবি অনুযায়ী সরকার ঠিক কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করবে, তার নির্দিষ্ট সময়সূচি ও পরিকল্পনা জানাতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের দাখিল করা রিপোর্টের ওপরই নির্ভর করছে শিক্ষক মহলের পরবর্তী আপডেট।