সময়সীমার ৭০% পার, কর্মীদের ভবিষ্যৎ কী? ডিএ সংযুক্তি ও ওপিএস নিয়ে নতুন প্রস্তাব

২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা দেওয়ার নির্ধারিত ১৮ মাসের সময়সীমার ৭০ শতাংশ ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী এখন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ বেতন ও অবসরকালীন সুবিধার ভবিষ্যৎ অনেকটাই এই প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
এই প্রেক্ষাপটে ভারতীয় সুরক্ষা মজদুর সংঘ বা বিপিএমএস কমিশনের কাছে দাবি ও পরামর্শের একটি বিস্তারিত নথি জমা দিয়েছে। সংগঠনের প্রস্তাবের মধ্যে রয়েছে মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ একীভূত করা, পুরোনো পেনশন স্কিম বা ওপিএস পুনর্বহাল রাখা এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা।
ন্যূনতম মজুরি নির্ধারণের পদ্ধতিতে সংস্কার আনারও দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, মজুরি নির্ধারণের সময় পরিবারের প্রকৃত চাহিদা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, ইন্ডিয়ান লেবার কনফারেন্সের মানদণ্ড এবং আইক্রয়েড সূত্রকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
কারিগরি কর্মীদের পাশাপাশি ফার্মাসিস্ট, নিরাপত্তা কর্মী, চালক এবং হাসপাতালের কর্মীদের বেতন ও পদোন্নতির কাঠামো ঢেলে সাজানোর দাবি তোলা হয়েছে। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সময়ের বেতন কাঠামোতে তিন বছরের কারিগরি প্রশিক্ষণ ও যোগ্যতার যথাযথ স্বীকৃতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন মজুরির অনুপাত ১০:১-এর বেশি না রাখার প্রস্তাব দিয়েছে ইউনিয়ন।
মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয়ের কারণে বর্তমান ৩ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি যথেষ্ট নয় বলে মনে করে বিপিএমএস। তাই এটি বাড়িয়ে ৬ শতাংশ করার জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি ১ জানুয়ারি, ২০২৬-এর আগে ও পরে অবসর নেওয়া কর্মচারীদের পেনশন সংশোধনে সমান আচরণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে, যাতে অবসরের পর পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা বজায় থাকে।
৩০ বছরের চাকরির মেয়াদে কর্মীদের অন্তত পাঁচটি আর্থিক পদোন্নতি দেওয়ার প্রস্তাবও রয়েছে নথিতে। দীর্ঘদিন চাকরিতে থাকলেও যাঁরা নিয়মিত পদোন্নতি পান না, তাঁদের আর্থিক সুরক্ষা দিতে সংশোধিত নিশ্চিত কর্মজীবন অগ্রগতি স্কিম বা এমএসিপিতে বদল আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৩০ বছর চাকরির পর ছুটির নিয়মে পরিবর্তনের কথাও বলা হয়েছে।
সবচেয়ে বড় চমক হিসেবে কর্তব্যরত অবস্থায় মারাত্মক দুর্ঘটনায় কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন ১ কোটি টাকা অনুদান দেওয়ার দাবি তুলেছে সংগঠন। এছাড়া প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মরত কর্মীদের মাসিক ঝুঁকি ভাতা বাড়িয়ে ১০,০০০ টাকা করার প্রস্তাবও জমা পড়েছে কমিশনের কাছে।