এআই-এর তৈরি ভুয়ো সুপ্রিম কোর্টের রায় আদালতে! মধ্যপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি কাল্পনিক সুপ্রিম কোর্টের রায় আদালতে পেশ করায় মধ্যপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। কোনো রকম যাচাই ছাড়াই আইনি নথিতে এই ধরনের মনগড়া মামলার নজির জুড়ে দেওয়াকে আদালতের চোখে ধুলো দেওয়ার শামিল বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন বিচারপতি বিবেক কুমার সিং।
ঘটনার সূত্রপাত পীযূষ মণি তিওয়ারি নামে এক প্রাক্তন পুলিশকর্মীর দায়ের করা মামলার শুনানিতে। ভোপালের স্পেশাল ব্রাঞ্চের সদর দপ্তরে কর্মরত এক মহিলা সাফাইকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ২০২৪ সালের মে মাসে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এই অ্যাক্টিং সাব-ইন্সপেক্টরকে। ২৬ মে অভিযোগ দায়ের হওয়ার দিনই তাঁকে সাসপেন্ড করা হয় এবং পরদিনই কোনো কারণ দর্শানোর নোটিশ, চার্জশিট বা বিভাগীয় তদন্ত ছাড়াই বরখাস্ত করা হয়। সংবিধানের ৩১১(২)(বি) অনুচ্ছেদের দোহাই দিয়ে নিজেদের এই সিদ্ধান্তের সপক্ষে সওয়াল করতে গিয়েই বিপাকে পড়ে রাজ্য সরকার।
সরকারি নথিতে ‘স্টেট অফ অন্ধ্রপ্রদেশ বনাম এস এস মহম্মদ নিসার’ নামে সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করা হয় এবং তার সাইটেশন বা নথি নম্বর হিসেবে দেওয়া হয় ‘(২০০৮) ৫ এসসিসি ২৩০’। কিন্তু আদালত খতিয়ে দেখে, এই নামে সুপ্রিম কোর্টের কোনো অস্তিত্বই নেই। বরং ওই সাইটেশন নম্বরটি আদতে ১৯৯৯ সালের আলোচিত জেসিকা লাল হত্যা মামলার দোষী সাব্যস্ত মনু শর্মা সংক্রান্ত মামলার (‘সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা বনাম দিল্লি সরকার’), যেখানে ২০০৮ সালের মে মাসে সুপ্রিম কোর্ট মনু শর্মার সাজা স্থগিত ও জামিনের আবেদন খারিজ করেছিল।
বিষয়টি নজরে আসতেই চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিবেক কুমার সিং। তাঁর পর্যবেক্ষণ, নথিপত্র তৈরির জন্য অন্ধভাবে এআই টুলের সাহায্য নেওয়া হয়েছে বলেই একটি কাল্পনিক মামলার নামের সঙ্গে অন্য একটি মামলার নম্বর জুড়ে দেওয়া হয়েছে। সাংবিধানিক আদালতে জমা দেওয়া হলফনামা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ নথি উল্লেখ করে বিচারপতি বলেন, ন্যূনতম পেশাদারিত্ব দেখিয়ে তথ্য যাচাই না করে এভাবে ভুয়ো রায়ের উল্লেখ করা কেবল আদালতের মূল্যবান সময়ই নষ্ট করে না, বরং তা আদালতকে বিভ্রান্ত করার শামিল। অ্যাডভোকেট জেনারেলের দপ্তরকে ভবিষ্যতে যেকোনো আইনি নথি আদালতে জমা দেওয়ার আগে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, ওই পুলিশকর্মীর বরখাস্তের নির্দেশ বাতিল করে তাঁকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আদালত, তবে রাজ্য সরকার চাইলে নিয়ম মেনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে পারবে বলেও জানানো হয়েছে।