‘চক্রী ছিলাম না, কিছুই জানতাম না’—ব্যানক্রফ্টের দাবির মুখে বিস্ফোরক জস হ্যাজেলউড

ঘটনার আট বছর পরে ফের একবার স্যান্ডপেপার গেট কাণ্ডে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। পুরোনো বিতর্ক ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা নতুন করে শুরু হয়েছে। এতদিন পর্যন্ত এই ঘটনার মূল অভিযোগের তির যে বোলিং বিভাগের দিকে ছিল, সেই বিভাগের মিচেল স্টার্ক এবং বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স আগেই মুখ খুলেছিলেন, কিন্তু জস হ্যাজেলউডের প্রতিক্রিয়া এতদিন অজানা ছিল। অবশেষে নীরবতা ভাঙলেন হ্যাজেলউড। তিনি শুধু কামিন্সের পাশেই দাঁড়াননি, বরং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কামিন্সকে অধিনায়কত্বের পদ থেকে সরানো হলে তিনিও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাববেন।
প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার পর থেকেই কেপ টাউনের সেই আলোচিত টেস্ট ম্যাচটি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সম্প্রতি স্যান্ডপেপার কাণ্ডে জড়িয়ে পড়া ক্যামেরন ব্যানক্রফ্ট প্রায় চার হাজার শব্দের একটি লেখায় সেই সফরের নানা ঘটনা তুলে ধরেন এবং খাওয়াজার মতোই দাবি করেন যে অস্ট্রেলিয়ান দলের প্রায় সকলেই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে অবগত ছিলেন। তাঁর এই বক্তব্য কামিন্সের পূর্ববর্তী দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলে এবং অধিনায়ক হিসেবে প্যাটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে।
তবে বর্তমান অধিনায়ককে ‘দুরন্ত নেতা’ আখ্যা দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন হ্যাজেলউড। কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি প্যাট এবং সাংবাদিক সম্মেলনে প্যাট যা বলেছেন, তার সম্পূর্ণ সমর্থনে রয়েছেন। গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে কামিন্স অসাধারণ কাজ করেছেন এবং দলকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন, যেখানে ওই ধরনের ঘটনা আর ঘটার সুযোগ নেই বলে মনে করেন হ্যাজেলউড। তাঁর মতে, দলের যে কাউকে জিজ্ঞাসা করলেই একই কথা শোনা যাবে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কামিন্সকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তাঁকেও ভেবেচিন্তে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।
বল বিকৃতির ঘটনার সঙ্গে নিজের কোনো যোগসূত্র থাকার কথাও দৃঢ়ভাবে নাকচ করেছেন এই ফাস্ট বোলার। হ্যাজেলউডের কথায়, পুরো আলোচনায় দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ—তিনি কি স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার পরিকল্পনার অংশ ছিলেন এবং মাঠে এমন কিছু ব্যবহৃত হচ্ছে তা কি তিনি জানতেন? দুটি প্রশ্নের ক্ষেত্রেই তাঁর উত্তর স্পষ্ট ‘না’।
অস্ট্রেলিয়ান এই পেসারের মতে, কেউ অন্য কারও সম্পর্কে কী ভাবছে এবং সেই ব্যক্তি বাস্তবে কী জানে, এই দুয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। তবে ৩৫ বছর বয়সি এই ফাস্ট বোলার স্বীকার করেছেন যে স্যান্ডপেপার কাণ্ডের জেরে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে কিছুটা কড়া শাস্তি দেওয়া হয়েছিল। হ্যাজেলউডের এই মন্তব্য আট বছর পুরোনো বিতর্কে আরও একটি নতুন মাত্রা যোগ করল।