মাঝ আকাশেই কনসার্ট! সোনু নিগমের বিমানে এ কী কাণ্ড? নেটদুনিয়ায় ঝড় তুলল ক্লিপ

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে, আর তা দেখে নেটপাড়া রীতিমতো ধন্দে পড়েছে—এটি কি আদৌ কোনো বিমান, নাকি মাঝ আকাশে চলা কোনো কনসার্ট। গানের সেই আসরের মধ্যমণি হয়ে রয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম।
সোনু নিগম নিজেই সমাজমাধ্যমে এই ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানে বসে রয়েছেন গায়ক, আর তাঁকে উৎসর্গ করে একের পর এক গান গেয়ে চলেছেন সহযাত্রীরা। তাঁর জন্য ‘কাল হো না হো’ ছবির টাইটেল ট্র্যাক এবং ‘ম্যায় আগর কাহু’-র মতো গান গেয়ে শোনান যাত্রীরা। এরপর বিমান মাঝ আকাশে উঠতেই সিট ছেড়ে উঠে পড়েন সোনু এবং বিমানের কেবিনকেই যেন মঞ্চ বানিয়ে গান ধরেন।
‘ম্যায় হুঁ না’ ছবির টাইটেল ট্র্যাক, ‘মুঝে লাগে না নাজারিয়া’ এবং ‘হর ঘড়ি বদল রহি’-র মতো একের পর এক কালজয়ী সুপারহিট গান গেয়ে ওঠেন তিনি। এমনকি বিমান অবতরণ করার পরেও থেমে থাকেনি গানের এই আসর। সহযাত্রীদের কাছ থেকে এমন আন্তরিক ভালোবাসা পেয়ে রীতিমতো অভিভূত হয়ে পড়েন সোনু।
ভিডিওটি শেয়ার করে সোনু নিগম লেখেন, যে ধরনের ভালোবাসা কেবল স্বপ্নেই পাওয়া যায়, আজ তা বাস্তবে অনুভব করলেন; সবাইকে অনেক ধন্যবাদ। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স।
একজন নেটিজেন লিখেছেন, এই ভালোবাসা তিনি নিজেই অর্জন করেছেন। আরেকজন মন্তব্য করেন, এমন পরিবেশে টারবুলেন্স হলেও কেউ টের পেতেন না। কারও কারও মতে, সোনু নিগম যেন এক স্মরণীয় সংগীত সফরে নিয়ে গিয়েছিলেন সকলকে।
বলিউডের প্রথম সারির গায়ক সোনু নিগম দীর্ঘদিন ধরে অসংখ্য সুপারহিট ও কালজয়ী গান উপহার দিয়েছেন। তাঁর কণ্ঠে ‘কাল হো না হো’, ‘অভি মুঝমে কহি’, ‘দিল ডুবা’, ‘সোনিও’, ‘পরদেশিয়া’ এবং ‘ইয়ে দিল দিওয়ানা’ আজও সমানভাবে জনপ্রিয়। রোমান্টিক গান, ড্যান্স নম্বর থেকে শুরু করে দেশাত্মবোধক—সব ধরনের গানেই তিনি সমান সাবলীল। ‘আজা মেরি জান’ ছবির ‘ও আসমান ওয়ালে’ গানের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করলেও, ‘বেওয়াফা সনম’ ছবির ‘আচ্ছা সিলা দিয়া’ গানটি তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়।