সপ্তাহে দু’দিন এবার সরাসরি নবান্নের কড়া নজরদারি! আমজনতার অভাব-অভিযোগ শুনতে বিরাট পদক্ষেপ রাজ্যের

সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে আরও এক কড়া ও যুগান্তকারী পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দু’দিন নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে সমস্ত সরকারি আধিকারিকদের। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল স্বাক্ষরিত নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার সব দফতরের আধিকারিকদের নিয়মিত ‘জনতার দরবার’ বসাতে হবে।

নতুন এই নিয়ম অনুযায়ী, উল্লিখিত দু’দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমস্ত স্তরের আধিকারিকদের নিজেদের দফতরে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাধারণ মানুষ কোনো রকম পূর্ব অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি হাজির হয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রশাসনিক স্তরের একেবারে নিচুতলা থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তর পর্যন্ত সমস্ত দফতরের ফিল্ড-লেভেল অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য। সিভিল প্রশাসনের পাশাপাশি রাজ্য পুলিশ, বন দফতর এবং অন্যান্য সমস্ত লাইন ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে থানার ওসি বা আইসি স্তরের কর্তারাও এর আওতাভুক্ত।

নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় আধিকারিকদের জন্য কিছু কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। বলা হয়েছে, ওই নির্ধারিত দিন ও সময়ে আধিকারিকরা অন্য কোনো সরকারি বৈঠক বা ফিল্ড সফরে যেতে পারবেন না। নির্ধারিত সময়টি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য বরাদ্দ রাখতে হবে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট আধিকারিকের সরকারি মোবাইল নম্বর এবং ইমেল আইডি অফিসের নোটিশ বোর্ডে বড় করে প্রদর্শন করার পাশাপাশি সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।

জনতার দরবারে জমা পড়া অভিযোগ এবং তার প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপের ওপর কড়া নজরদারি রাখতে ‘আপনার সরকার আপনার পাশে’ বা ‘এএসএপি’ (ASAP) পোর্টালটিকে আরও উন্নত করা হচ্ছে। এই পোর্টালেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি ও তার বর্তমান পরিস্থিতি আপডেট করা হবে, যার ওপর নিয়মিত নজর রাখবেন বিভাগীয় কমিশনার ও জেলাশাসকদের মতো উচ্চপদস্থ কর্তারা।