সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি! তারাতলা উড়ালপুলের হাইট বার ভেঙে তীব্র যানজট, কাঠগড়ায় পুলিশ

সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে যানজটে বিপর্যস্ত কলকাতা। ভোরে তারাতলা উড়ালপুলের হাইট বারে একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় লোহার কাঠামো ভেঙে পড়ে রাস্তায়। এর জেরে ডায়মন্ড হারবার রোডে তীব্র যানজট তৈরি হয়। কাজে বেরোনো মানুষ এবং অফিসযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। কেন সেখানে ট্রাফিক পুলিশ বা সিভিক ভলান্টিয়ার ছিল না, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার ভোরে একটি পণ্যবাহী লরি উড়ালপুলে ওঠার চেষ্টা করে এবং হাইট বারে সজোরে ধাক্কা মারে। উচ্চতার কারণে লরিটি সামনে এগোতে না পারায় হাইট বারের লোহার বিমের একাংশ ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার ফলে লরির ওপরের অংশ ও উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হলেও, কোনো হতাহতের খবর নেই। উড়ালপুলে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে এবং গাড়ির উচ্চতা সীমাবদ্ধ রাখতে সম্প্রতিই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই হাইট বারটি বসানো হয়েছিল।
সপ্তাহের প্রথম দিনেই এই ধরনের ঘটনায় তীব্র যানজট তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গাড়ির চালক ও যাত্রীরা। এক গাড়িচালক বলেন, “পুলিশ ভারী যান নিয়ন্ত্রণের জন্য হাইট বার বসিয়ে দিয়েছিল, কিন্তু এখন যদি কেউ তা না মানে, তাহলে কী হবে?” আরেক যাত্রী বলেন, “এত ভারী লরি পুলিশের নজর এড়িয়ে এখানে উঠল কীভাবে? ভোর রাতে কি সেখানে কোনো পুলিশ বা সিভিক ভলান্টিয়ার ছিল না?”
পুলিশ বর্তমানে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশের নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।