শ্যুটিং ফ্লোর থেকে ফুটপাথ! আর্থিক সংকট কাটাতে স্ত্রীর সঙ্গে খাবারের দোকান চালাচ্ছেন পরিচালক অয়ন সেনগুপ্ত, আজ কত বছর পূর্তি?

ছোটপর্দায় একসময় নিয়মিত কাজ করা পরিচালক অয়ন সেনগুপ্ত গত বছর আর্থিক সংকটের কারণে ভিন্ন পথে হাঁটেন। হাতে কাজ না থাকায় মানসিক ও আর্থিক দিক থেকে ভেঙে পড়া অয়ন তাঁর স্ত্রীর সঙ্গে গড়েন এক চায়ের দোকান—নাম ‘পেটুক’। ছিমছাম রাস্তার এই সহজ মেনুর দোকানটিতে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ এবং টলিউডের তাঁর বন্ধু-সহকর্মীরা।

টলিপাড়ায় এমন ঘটনা নতুন নয়, যেখানে কাজ না থাকায় অভিনয় বা পরিচালনার পেশা ছেড়ে অন্য পথ বেছে নিতে হয়েছে। তবে অয়ন সেনগুপ্ত সেই পথে হেঁটেও সাফল্য পেয়েছেন।

আজ ‘পেটুক’-এর ১ বছর পূর্তি:

২১ তারিখ ‘পেটুক’-এর এক বছর পূর্তি। এই বিশেষ দিনে দোকানে নতুন কিছু যোগ করতে চান অয়ন। TV9 বাংলাকে অয়ন জানান, “এক বছর পূর্তি উপলক্ষে পনীরের একটি আইটেম আর ফিশ ব্যাটার ফ্রাই রাখার ইচ্ছা আছে। রাস্তার দোকান হওয়ায় বর্ষাকালে খুব সমস্যা হয়। তাই টাকা জমাচ্ছি—যদি ফুড কার্ট তৈরি করতে পারি।”

বর্তমানে অয়ন ধারাবাহিকে অভিনয়ের কাজ পেলেও, দোকান বন্ধ করার কথা ভাবেননি। তিনি বলেন, “আমি শুটিং না থাকলে সারাক্ষণ দোকান নিয়েই থাকি। যখন থাকতে পারি না, আমার টিমের একটি ছেলে আর আমার স্ত্রী দু’জনে দোকান সামলান। আমার যখন কোনও কাজ ছিল না, সেই ক্রাইসিসের সময়ে আর্থিক দিক থেকে আর মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। সেই সময়ে এই দোকানটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। তাই দোকান বন্ধ করে দেওয়ার কথা কখনওই ভাবি না।”

বাধ্য হয়ে দোকান শুরু করলেও, পথচলাটা তিনি উপভোগ করেছেন। এই দোকানের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। আজ, ২১ তারিখ ‘পেটুক’-এর প্রথম জন্মদিনে পরিচালক একটি ফেসবুক লাইভ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী দিনে ‘পেটুক’-এর এই পথচলা কেমন হবে, সেদিকেই নজর থাকবে।