শুধু বাড়ি নয়, গাছ লাগালেও মিলবে টাকা! মালদহের আবাস উপভোক্তাদের জন্য বাম্পার সুযোগ

পশ্চিমবঙ্গ আবাস যোজনা নিয়ে রাজ্যজুড়ে নতুন আনন্দের জোয়ার। সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার পাশাপাশি এবার ঘরবাড়ি সাজানো এবং পরিবেশ সুরক্ষার জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা করল মালদহ জেলা প্রশাসন। শুক্রবার মালদহ শহরের টাউন হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলার হাজার হাজার উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি জমা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুধু পাকা বাড়ি তৈরিই নয়, বরং আরও নানা উপায়ে উপভোক্তাদের আর্থিকভাবে শক্তিশালী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আবাস যোজনার উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শেষ করার পর নিজেদের বাড়ির উঠोনে ফুল বা সবজির বাগান তৈরি কিংবা গাছ লাগানোর কাজ করলে বিশেষ সুবিধা পাবেন। ‘ভিবি-জি রামজি’ প্রকল্পের আওতায় তাঁদের জন্য ৯০ দিনের কাজের সংস্থান করা হবে। এই কাজের পারিশ্রমিক হিসাবে উপভোক্তারা অতিরিক্ত ২৭ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। এর ফলে বাড়ির চারপাশের পরিবেশ যেমন সবুজ ও সুন্দর হবে, তেমনই বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
পাশাপাশি, বাড়িতে শৌচালয় না থাকলে স্বচ্ছ ভারত মিশনের অধীনে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে অনেক সময়ই উপভোক্তাদের প্রথমে নিজেদের টাকা খরচ করে শৌচালয় তৈরি করতে হতো এবং পরে বিল আপলোড করে টাকা পেতে হতো। এই সমস্যা মেটাতে মালদহ জেলা প্রশাসন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিশেষ ঋণের ব্যবস্থা করেছে, যাতে সাধারণ মানুষকে পকেট থেকে টাকা খরচ করতে না হয়। তাছাড়া, বিদ্যুৎ খরচ কমাতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে সৌর প্যানেল বসানোর জন্য ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকির সুযোগ থাকছে।
এদিনের অনুষ্ঠানে মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা সহ বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ২২ হাজার ৪৪৬ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে পৌঁছে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকার আসার পর থেকে মালদহে আবাস যোজনার কাজ অত্যন্ত গতি পেয়েছে এবং এখনও পর্যন্ত মোট ৩৭৪ কোটিরও বেশি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লিন্টেল পর্যন্ত কাজ শেষ না করায় ৪ হাজার ৭৫২ জন উপভোক্তা এখনও দ্বিতীয় কিস্তি পাননি। তাঁদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।