“মেয়ের কাছে চলে যেতে চেয়েছিল বাবু…” স্বামীর মৃত্যুর পর বুকফাটা কান্না মৌসুমীর, মুখ খুললেন বিশ্বজিৎ

বাংলা সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র এবং জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী, তথা বিশিষ্ট প্রযোজক-অভিনেতা জয়ন্ত মুখোপাধ্যায় (যিনি বন্ধু ও পরিমণ্ডলে ‘বাবু’ নামে পরিচিত ছিলেন) গত ১২ নভেম্বর চিরবিদায় নিয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে শোকের আবহ।

পেশাগত জীবনে ‘মজাক’ (১৯৭৫) ও ‘দো লড়কে দোনো কড়কে’ (১৯৭৯)-এর মতো চলচ্চিত্রের প্রযোজক হিসেবে কাজ করার পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’ এবং হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘বিবি অউর মকান’ (১৯৬৬)-এর সঙ্গীত বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকি ‘বিশ সাল পহেলে’ ছবিতে রিতেশ নামে অভিনয় করেও নজর কেড়েছিলেন। জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি ছোটবেলা থেকেই তাঁকে দেখেছেন। ভবানীপুরের বাড়িতে জয়ন্তর পৈতেতেও উপস্থিত ছিলেন তিনি।

খবর পেয়েই মুম্বইয়ের গীতাঞ্জলিতে মৌসুমী ও জয়ন্তের বাসভবনে ছুটে যান বিশ্বজিৎবাবু। সংবাদমাধ্যমকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে এই আকস্মিক ধাক্কা সামলে উঠেছেন ‘বালিকা বধূ’ খ্যাত মৌসুমী চট্টোপাধ্যায়। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ধনতেরাসের দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন জয়ন্ত, দীপাবলিও কাটিয়েছিলেন ভালোভাবে। কিন্তু ১২ নভেম্বর হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৌসুমী চট্টোপাধ্যায়ের বরাত দিয়ে বিশ্বজিৎবাবু জানান, কন্যা পায়েলের মৃত্যুর পর থেকেই জয়ন্ত অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন এবং বারবার মেয়ের কাছে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। বর্তমান পরিস্থিতিতে একমাত্র কন্যা মেঘাকে নিয়ে একা হয়ে পড়েছেন মৌসুমী। জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে বলিউডের পাশাপাশি টলিউডের শিল্পীমহলেও নেমে এসেছে গভীর শূন্যতা।