রেঞ্জ রোভারের নিচে পিষে গেল র‍্যাপিডো বাইক! বিজেপি নেতার আত্মীয়ের কীর্তিতে দানা বাঁধছে বিরাট রহস্য

বিজেপি বিধায়কের ভাইপোর বেপরোয়া ড্রাইভিং কেড়ে নিল এক নিরপরাধ যুবকের প্রাণ। গুজরাতের আমদাবাদে দ্রুতগতির একটি রেঞ্জ রোভার গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক র‍্যাপিডো বাইক আরোহীর। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক মহলেই নয়, তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। কারণ, অভিযুক্ত চালককে পুলিশ আটক করার পরেও ছেড়ে দেওয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ আমদাবাদের শিলাজ এলাকার গুরুপকৃপা ক্রসরোডের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত হর্ষদ কুমার নরসিংভাই পুরাবিয়া (৩৫) পেশায় একজন নিরাপত্তারক্ষী ছিলেন। ঘটনার দিন সকালে ৫০ বছর বয়সি র‍্যাপিডো চালক প্রদীপ কুমার দাদওয়ালের বাইকে চেপে তিনি কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। গুরুপকৃপা ক্রসরোডের কাছে বাইকটি ডান দিকে ঘোরার সময় শিলাজের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসা একটি বিলাসবহুল রেঞ্জ রোভার সজোরে ধাক্কা মারে সেটিকে।

সংঘর্ষের জেরে ছিটকে রাস্তায় পড়ে যান দুই আরোহী। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান হর্ষদ। প্রথমে তাঁকে সোলা সিভিল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে থালতেজের সিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ঘাতক গাড়িটি নিয়ে চম্পট দেন চালক। পরবর্তী সময়ে বাইকচালকের দেওয়া নম্বরের সূত্র ধরে গাড়িটি শনাক্ত করে পুলিশ। জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন বিজেপি বিধায়ক দীনেশসিং কুশওয়াহার ভাইপো রাঘবেন্দ্র কুশওয়াহা। পেশায় প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত রাঘবেন্দ্র গান্ধীনগরের কালোলে এক পার্টি সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটান বলে অভিযোগ।

বৃহস্পতিবার পুলিশ তাঁকে আটক করে এবং ফরেনসিক পরীক্ষার জন্য গাড়িটি বাজেয়াপ্ত করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে অভিযুক্তকে থানায় আটকে না রেখে নোটিস দিয়ে ছেড়ে দেওয়া নিয়ে। আমদাবাদ গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ যাদব দাবি করেছেন, এই ধারার মামলায় তাৎক্ষণিক গ্রেফতারির আইনি বাধ্যবাধকতা নেই। অন্যদিকে, অভিযুক্ত মদ্যপ ছিলেন কি না তা নিয়ে পুলিশের অন্দরেই ভিন্ন মত শোনা গিয়েছে। সব মিলিয়ে এই হাইপ্রোফাইল দুর্ঘটনা ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ ও ধোঁয়াশার মেঘ ঘনীভূত হয়েছে।