শীতের মাফলারই হল কাল! সমুদ্রগড়ে ঘানি কলে পিষে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, শিউরে উঠল এলাকা

শীতের সকালে কনকনে ঠান্ডা থেকে বাঁচতে গলায় মাফলার জড়িয়ে কাজে বেরিয়েছিলেন সিরাজুল মণ্ডল। কে জানত, প্রাণের সেই রক্ষাকবচই শেষ পর্যন্ত ঘাতক হয়ে দাঁড়াবে! পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এই শ্রমিকের। এক লহমায় একটি হাসিখুশি পরিবার তছনছ হয়ে গেল মর্মান্তিক এই ঘটনায়।
সিদ্দেপাড়ার বাসিন্দা সিরাজুল প্রতিদিনের মতোই মঙ্গলবার ভোরে কাজে গিয়েছিলেন কৃষক বাজারের একটি ঘানি কলে। সেখানে চাল পেষাইয়ের কাজ করতেন তিনি। সকালের দিকে কাজ যখন পুরোদমে চলছে, ঠিক তখনই ঘটে ছন্দপতন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় সিরাজুলের গলার মাফলারটি অসাবধানতাবশত মেশিনের ঘূর্ণায়মান ফিতের মধ্যে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে মাফলারের টানে সিরাজুলের দেহটি আছড়ে পড়ে মেশিনের ওপর। শ্বাসরোধ হয়ে এবং গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ। চিৎকার ও হুড়োহুড়িতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত প্রিয় ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন সিরাজুল। তাঁর মৃত্যুতে গোটা সিদ্দেপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শীতের যে মাফলার আরাম দিত, সেই মাফলারই যে যমদূত হয়ে আসবে, তা মেনে নিতে পারছেন না কেউই।