‘শিল্পীদের সম্মান দিতে জানেন না!’-‘কাঁচা বাদাম’ শুনতেই কেন ফায়ার অঞ্জলি অরোরা?

ভুবন বাদ্যকরের ভাইরাল গান ‘কাঁচা বাদাম’-এ নেচে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছিলেন অঞ্জলি অরোরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং তাবড় তাবড় তারকাদেরও হার মানায়। কিন্তু যে গান তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল, সম্প্রতি সেই গান বাজতেই বেজায় চটলেন এই সোশ্যাল মিডিয়া স্টার! কানপুরের একটি ইভেন্টের একটি ভিডিও সামনে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।

ঠিক কী ঘটেছিল কানপুরের অনুষ্ঠানে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপিংয়ে দেখা গেছে, কানপুরের একটি মঞ্চে উপস্থিত রয়েছেন অঞ্জলি অরোরা। ঠিক সেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সেই সুপরিচিত গান— ‘কাঁচা বাদাম’। গানটি বাজতেই ডিজে-র বক্সের দিকে এগিয়ে যান অঞ্জলি। ভিডিওতে তাঁকে হাত নেড়ে কিছু বলতে ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়। তাঁর সঙ্গে দলের অন্য সদস্যরাও মঞ্চের ওই দিকে ছুটে যান।

ভিডিওটিতে সম্পূর্ণ কথোপকথন বা অঞ্জলির সরাসরি শব্দ স্পষ্ট শোনা না গেলেও নেটিজেনদের একাংশের দাবি, যে গান তাঁকে রাতারাতি লাইমলাইটে এনেছিল, আজ তা বাজানোতেই বিরক্ত হয়েছেন তিনি। অন্য একটি সূত্র দাবি করছে, অনুষ্ঠানের পূর্বনির্ধারিত নির্দেশিকা বা গাইডলাইন না মেনে ডিজে গানটি বাজানোয় আয়োজকদের ওপর ক্ষোভ উগরে দেন অঞ্জলি। তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, “আপনারা কি শিল্পীদের সম্মান করতে জানেন না?” এমনকি অনুষ্ঠান মাঝপথেই ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেন তিনি।

সমালোচনার ঝড় নেটপাড়ায়: ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ অঞ্জলিকে কটাক্ষ করে বলছেন, যে গান মানুষের মুখে মুখে তাঁকে পরিচিতি দিয়েছে, আজ সেই গান শুনেই তাঁর নাক সিঁটকানো মানানসই নয়। যদিও অঞ্জলির অনুরাগীদের দাবি, শিল্পীর অনুমতি ছাড়া বা নির্দিষ্ট চুক্তি ভেঙে গান বাজানোর জন্যই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

‘কাঁচা বাদাম’ ও অঞ্জলির উত্থান: প্রসঙ্গত, ২০২১ সালের ২১ নভেম্বর ভুবন বাদ্যকরের বাদাম বিক্রির গান প্রথম প্রকাশ্যে আসতেই তা বিশ্বজুড়ে ঝড় তোলে। ফেসবুক, ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে ইউটিউব— সব জায়গায় ভাইরাল হয় ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’। বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাতারাতি তারকার তকমা পান। আর এই গানেই অদ্ভুত অঙ্গভঙ্গি ও নজরকাড়া লিপ-সিঙ্কে রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার শিখরে পৌঁছান অঞ্জলি অরোরা। তবে কানপুরের এই সাম্প্রতিক ঘটনায় ‘কাঁচা বাদাম’ ও অঞ্জলি জুটিকে কেন্দ্র করে ফের একবার নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।