শিলিগুড়িতে রণক্ষেত্র বাস টার্মিনাস! ভোটের আগে বাসের আকাল, ক্ষোভে টিকিট কাউন্টার ভাঙচুর যাত্রীদের

আগামীকাল প্রথম দফার ভোট। আর তার ঠিক ২৪ ঘণ্টা আগে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস কার্যত কুরুক্ষেত্রে পরিণত হলো। বুধবার সকাল থেকেই বাড়ি ফেরার আশায় হাজার হাজার যাত্রী টার্মিনাসে ভিড় জমালেও, পর্যাপ্ত বাসের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় টিকিট কাউন্টার ও কম্পিউটারে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

কেন এই অশান্তি?
ভোর থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারগামী যাত্রীদের লম্বা লাইন পড়েছিল টার্মিনাসে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যায়, হাতেগোনা মাত্র কয়েকটি বাস চলছে। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশে অধিকাংশ সরকারি বাস ভোটের ডিউটিতে চলে যাওয়ায় সাধারণ পরিষেবা কার্যত লাটে উঠেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বাস না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। টিকিট কাউন্টারে থাকা কর্মীদের সঙ্গে বচসা থেকে শুরু হয় হাতাহাতি, যা মুহূর্তের মধ্যে ভাঙচুরে রূপ নেয়।

প্রশাসনের পদক্ষেপ:
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দফায় দফায় লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাসের সংকট মেটেনি। টার্মিনাস চত্বরে এখনও থমথমে পরিবেশ।

ভোটের আগে বড় প্রশ্ন:
যাত্রীদের অভিযোগ, ভোট দেওয়াকে গণতান্ত্রিক উৎসব বলা হলেও, সাধারণ মানুষের যাতায়াতের নূন্যতম ব্যবস্থাটুকুও করেনি প্রশাসন। পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না রেখে কেন সব বাস ভোটের কাজে লাগানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গবাসী। অন্যদিকে, এই ঘটনার জেরে যারা দূরপাল্লার গন্তব্যে পৌঁছতে পারছেন না, তাঁদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy