শিক্ষকতার আড়ালে যৌন হেনস্থা! রামপুরহাটে গৃহশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

রামপুরহাটে এক ছাত্রীকে যৌন হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক গৃহশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম অভিজিৎ পাল, যিনি একটি সরকারি স্কুলের পার্টটাইম শিক্ষক এবং পাশাপাশি প্রাইভেট টিউশনও করান।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত অভিজিৎ পাল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে হেনস্থা করে আসছিলেন এবং কুপ্রস্তাব দিচ্ছিলেন। ছাত্রীটি ভয়ে এত দিন পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। সম্প্রতি রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার পর তার মধ্যে সাহস সঞ্চার হয় এবং সে তার পরিবারের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

ঘটনা জানার পর পরিবারের সদস্যরা অভিজিৎকে ডেকে পাঠান। এই খবরটি এলাকার কিছু যুবকের কানে গেলে তারা সেখানে জড়ো হয় এবং ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে মারধর শুরু করে। পরে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতার হাত থেকে অভিজিৎ পালকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বর্তমানে ছাত্রীটি কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।