শিক্ষকতার আড়ালে ‘কুকর্ম’! ভিডিও কলে পোশাক খুলতে বাধ্য করতেন ছাত্রীদের, অভিযুক্তের খোঁজে পুলিশ

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এক শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রদ্ধানন্দ বাল বিদ্যালয় নামে একটি স্কুলের শিক্ষক অভিষেক কুমারের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইনে ছাত্রীদের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলতেন এবং ভিডিও কলে তাঁদের পোশাক খুলতে চাপ দিতেন। এমনকি ছাত্রীদের হোটেলে দেখা করারও প্রস্তাব দেন তিনি। অন্তত ১৫ জন ছাত্রী একই ধরনের অভিযোগ করেছেন।
কীভাবে ফাঁস হলো ঘটনা?
পুলিশ সূত্রে জানা গেছে, এই শিক্ষকের বিরুদ্ধে আগেও এমন অশালীন আচরণের অভিযোগ ছিল। কিন্তু সম্প্রতি এই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ১৫ জন অভিযোগকারী ছাত্রীর মধ্যে একজন ভয়ে স্কুল যাওয়াও বন্ধ করে দিয়েছিল। এরপরই সামাজিক মাধ্যমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং রাঁচি পুলিশের ডেপুটি কমিশনারকে ট্যাগ করে বিষয়টি জানানো হয়।
প্রশাসনের তৎপরতা
অভিযোগটি নজরে আসার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। রাঁচি পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রি জানান, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, জেলার শিক্ষা বিভাগও একটি তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে। সেই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জেলার শিক্ষা অধিকর্তা বাদল রাজ নিজে ওই স্কুলে গিয়েছেন এবং প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুলের কোনো শিক্ষক বা কর্মী ছুটি নিতে পারবেন না।
তবে তদন্ত শুরু হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক অভিষেক কুমার নিখোঁজ। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পুলিশ তাঁকে খুঁজে বের করার জন্য জোরদার তল্লাশি চালাচ্ছে।